ট্রাম্পের চাপে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা অ্যাপলের
ট্রাম্প সরাসরি অ্যাপলকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘যদি কোম্পানিটি আইফোনের উৎপাদন যুক্তরাষ্ট্রে সরিয়ে না আনে তবে তাদের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের মুখে যুক্তরাষ্ট্রে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
হোয়াইট হাউস বলছে, এই অর্থ দেশেই অ্যাপলের যন্ত্রাংশের উৎপাদন বাড়াতে উৎসাহ দেওয়ার জন্য ব্যয় করা হবে। এর আগে, চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার খরচের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপল। নতুন বিনিয়োগ সেই পরিকল্পনারই অংশ।
চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প সরাসরি অ্যাপলকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘যদি কোম্পানিটি আইফোনের উৎপাদন যুক্তরাষ্ট্রে সরিয়ে না আনে তবে তাদের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হবে।’
গত সপ্তাহে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক কোম্পানির আগের বিনিয়োগ প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন, তারা তাদের পণ্যের ওপর শুল্ক আরোপের ঢেউ এড়াতে ‘আরও কিছু করার’ চেষ্টা করছে।
বুধবার হোয়াইট হাউজে এক আনুষ্ঠানিক ঘোষণায় ট্রাম্প বলেন, নতুন বিনিয়োগের অংশ হিসেবে অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের সরবরাহ ব্যবস্থায় ‘ব্যাপকভাবে’ ব্যয় বাড়াবে। এর মধ্যে রয়েছে দেশজুড়ে একাধিক নতুন ডেটা সেন্টার গড়ে তোলা এবং কেনটাকির হ্যারিসবার্গে একটি স্মার্ট গ্লাস উৎপাদন কারখানা তৈরি করা যা আইফোন ও স্মার্টওয়াচের জন্য ডিসপ্লে তৈরি করবে।
অ্যাপলের উদ্যোগকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, উৎপাদন দেশে ফেরানোয় প্রতিষ্ঠানটি পরিকল্পিত একশ শতাংশ চিপ ও সেমিকন্ডাক্টরের উপর শুল্ক এড়াতে পারবে।
তবে তিনি এই নতুন শুল্ক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি, কেবল বলেন, অন্য কোম্পানিগুলোও চাইলে একইভাবে শুল্ক এড়াতে পারবে যদি তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে।
মঞ্চে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে অ্যাপল সিইও টিম কুক বলেন, কোম্পানির আগের ঘোষিত ৫০ হাজার কোটি ডলারের দেশীয় বিনিয়োগ ‘এরইমধ্যে ‘ফল দিতে শুরু করেছে’।
উল্লেখ্য, কুক ট্রাম্পের অভিষেক কমিটিতে ১০ লাখ ডলার ব্যক্তিগত অনুদান দিয়েছিলেন।
তিনি আরও বলেন, “নতুন এই অর্থায়ন যুক্তরাষ্ট্রেই আরও বেশি সংখ্যক গুরুত্বপূর্ণ উপাদান উৎপাদনে সহায়তা করবে, যেগুলো অ্যাপলের বিশ্বব্যাপী বিভিন্ন পণ্যে ব্যবহার করা হয়।”
হোয়াইট হাউজে সাক্ষাতের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে একটি কাঁচের ভাস্কর্য তুলে দেন কুক। ভাস্কর্যটি তিনি নিজ হাতেই ওভাল অফিসের রেজলিউট ডেস্কে স্থাপন করেন।
বিশ্লেষকদের মতে, অ্যাপলের সাপ্লাই চেইনে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আসবে না তবে কোম্পানির এই প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কিছুটা নমনীয় আচরণ আদায় করতে পারে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের জোর নজর থাকায়।
সংবাদ প্রকাশের পরই বুধবার অ্যাপলের শেয়ারের দাম পাঁচ শতাংশেরও বেশি বেড়ে যায়।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলে, “অ্যাপলের এই অঙ্গীকার প্রমাণ করে যে ট্রাম্পের অর্থনৈতিক নীতি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে আরও বেশি অর্থ বিনিয়োগে উৎসাহিত করছে।”
“আজকের এই ঘোষণা মার্কিন উৎপাদন শিল্পের আরেকটি বিজয়,” হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন। “এই উদ্যোগ গুরুত্বপূর্ণ প্রযুক্তি উপাদানগুলোর উৎপাদন দেশে ফিরিয়ে আনার মাধ্যমে আমাদের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সহায়ক হবে।”
দীর্ঘদিন ধরেই অ্যাপলের পণ্যের বেশিরভাগ তৈরি হচ্ছে চীনে। তবে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে শুল্কের ধাক্কা এড়াতে হোয়াইট হাউজের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছিল টিম কুকের কোম্পানি।
তবে চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে শুল্ক যুদ্ধ শুরু করলে অ্যাপল চাপে পড়ে যায়। চীনা পণ্যের ওপর অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক বসানো হয় যার ফলে পড়ে আইফোনসহ অ্যাপলের নানা পণ্যের খরচ বেড়ে যায়।
এরপর থেকেই সাপ্লাই চেইনে আমূল পরিবর্তন আনার চেষ্টা করে অ্যাপল। তুলনামূলক কম শুল্ক থাকায় এখন কোম্পানিটি বেশিরভাগ পণ্য যুক্তরাষ্ট্রে পাঠায় ভারত ও ভিয়েতনাম থেকে। তবু জুন পর্যন্ত শেষ তিন মাসে অ্যাপলকে নতুন বর্ডার ট্যাক্স বাবদ ৮০ কোটি ডলারের বেশি গুণতে হয়েছে।
এপ্রিল থেকে কার্যকর হওয়া “রেসিপ্রোকাল ট্যারিফস” এর আওতায় এই শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন। এমনকি এপ্রিলেই কিছু ইলেকট্রনিক্স পণ্যকে ছাড়পত্র দেওয়া হলেও আগামী কয়েক মাসে অ্যাপলকে আরও একশো ১০ কোটি ডলার শুল্ক পরিশোধ করতে হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এদিকে, ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ করার পরিকল্পনাও উদ্বেগ বাড়িয়েছে অ্যাপলের।
বিনিয়োগকারীদের সঙ্গে এক সভায় অ্যাপল সিইও টিম কুক যুক্তরাষ্ট্রে কোম্পানির সক্রিয় অংশগ্রহণের বিষয়টি জোর দিয়ে বলেন। তিনি মিশিগানে ‘ম্যানুফ্যাকচারিং একাডেমি’ চালুর প্রতিশ্রুতি এবং এমপি ম্যাটেরিয়ালস থেকে ৫০ কোটি ডলারের রেয়ার আর্থ ম্যাগনেট কেনার পরিকল্পনার কথা তুলে ধরেন।
এমপি ম্যাটিরিয়ালসের উৎপাদন বাড়াতে বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র সরকারও। তাদের উৎপাদনের জন্য নির্দিষ্ট নূন্যতম দামের নিশ্চয়তা দিয়েছে প্রশাসন।
প্রেসিডেন্ট পদে নতুন করে নির্বাচিত হওয়ার পর থেকেই অ্যাপলের মত বড় কোম্পানির বিনিয়োগ ঘোষণাকে রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছেন ট্রাম্প।
যদিও বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগের পরিমাণ বা প্রকৃত প্রভাব অনেক সময়ই অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয় এবং এমন বিনিয়োগে যুক্তরাষ্ট্রে কোনো স্থায়ী প্রবণতা তৈরি হচ্ছে তার প্রমাণ এখনও নেই।
পিপি ফোরসাইটের প্রতিষ্ঠাতা টেলিকম বিশ্লেষক পাওলো পেস্কাতোরে বলেন, “এত কঠিন সময়েও অ্যাপলের কৌশলী নেতৃত্বের জন্য টিম কুকের প্রশংসা প্রাপ্য। তবে এত বিচিত্র উপাদান ও জটিল উৎপাদন প্রক্রিয়ার মাঝে হুট করে সবকিছু যুক্তরাষ্ট্রে এনে উৎপাদনের ভাবনাও অবাস্তব।”
