২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমরত্বের জন্য অঙ্গ প্রতিস্থাপন: পুতিন, শি’র ভাবনা কী?

পুতিনের পক্ষে ম্যান্ডারিন ভাষায় কথা বলা একজন অনুবাদক শি জিনপিংকে বলছিলেন, মানুষের অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব।

অমরত্বের জন্য অঙ্গ প্রতিস্থাপন: পুতিন, শি’র ভাবনা কী?
এ অপ্রত্যাশিত বিষয়টি নিয়েই এ সপ্তাহে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 01:06 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে কি মানুষের অমর হওয়া সম্ভব? এ অপ্রত্যাশিত বিষয়টি নিয়েই এ সপ্তাহে বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে একে অপরের মুখোমুখি হয়ে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সময় পুতিনের পক্ষে ম্যান্ডারিন ভাষায় কথা বলা একজন অনুবাদক শি জিনপিংকে বলছিলেন, মানুষের অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব। যার মাধ্যমে ‘বয়স বাড়লেও মানুষ তরুণ থাকতে পারবে’ এমনকি এ পদ্ধতিতে বার্ধক্যকে ‘অনির্দিষ্টকালের জন্য’ ঠেকিয়েও রাখা যেতে পারে।

তিনি আরও বলেছেন, “এ শতাব্দীতে মানুষের দেড়শ বছর পর্যন্ত বাঁচা সম্ভব হতে পারে– এমনই ধারণা করা হচ্ছে।”

বিবিসি লিখেছে, তাদের হাসি-ঠাট্টা ও আনন্দভরা মুখ দেখে মনে হয় এসব কথা যেন মজার ছলেই বলেছেন তারা। তবে প্রশ্ন থেকেই যায়! তারা কী সত্যিই কোনো গভীর কিছু নিয়ে ভাবছেন?

অঙ্গ প্রতিস্থাপন জীবন বাঁচাতে পারে এ নিয়ে কোনও সন্দেহ নেই। যুক্তরাজ্যের ‘এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট’-এর তথ্য অনুসারে, গত ৩০ বছরে কেবল যুক্তরাজ্যেই এক লাখেরও বেশি মানুষকে বাঁচানো হয়েছে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে।

চিকিৎসা ও প্রযুক্তির ধারাবাহিক অগ্রগতির ফলে এখন প্রতিস্থাপিত বিভিন্ন অঙ্গ মানুষের শরীরে আগের চেয়ে বেশি সময় টিকে থাকছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

কিছু রোগীর ক্ষেত্রে কিডনি প্রতিস্থাপনের পর সেই অঙ্গটি ৫০ বছরেরও বেশি সময় ধরে কার্যকর থেকেছে। 

একটি অঙ্গ কতদিন কার্যকর থাকবে তা নির্ভর করে দাতা ও গ্রহণকারীর স্বাস্থ্যের ওপর। এ ছাড়া, অঙ্গটির প্রতি নতুন মালিক কতটা যত্ন নিচ্ছেন সে বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যেমন– কেউ যদি কোনো জীবিত দাতার কাছ থেকে নতুন কিডনি পান তবে তা সাধারণত ২০ থেকে ২৫ বছর পর্যন্ত কাজ করতে পারে। আর মৃতদেহ থেকে অঙ্গ নিলে এর কার্যকাল সাধারণত কমে ১৫ থেকে ২০ বছরের মধ্যে থাকে। পাশাপাশি অঙ্গের ধরনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণা অনুসারে, মানুষের একটি যকৃত প্রায় ২০ বছর, হার্ট ১৫ বছর এবং ফুসফুস প্রায় ১০ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে।

অমরত্বের টিকিট?

পুতিন ও জিনপিং একাধিক অঙ্গ প্রতিস্থাপনের কথা বলছেন, এমনকি বারবারও।

তবে অস্ত্রোপচার করানোর বিষয়টি বড় একটি সিদ্ধান্ত, যার সঙ্গে থাকে বড় ধরনের ঝুঁকিও। প্রতিবার ছুরির নিচে যাওয়া মানে এক ধাঁধার মধ্যে পড়া, যেখানে ভাগ্যের ওপর নির্ভর করতে হয়।

বর্তমানে যারা নতুন অঙ্গ গ্রহণ করেন তাদের জীবনভর ‘ইমিউনোসাপ্রেস্যান্ট’ নামের শক্তিশালী অ্যান্টি-রিজেকশন ওষুধ খেতে হয়। এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, যেমন উচ্চ রক্তচাপ এবং সংক্রমণের ঝুঁকিও বাড়ায়।

অঙ্গ প্রত্যাখ্যান বা রিজেকশনের ঘটনা তখন ঘটে যখন কারো রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রতিস্থাপিত অঙ্গটিকে অন্য কারো শরীরের অংশ বলে চিনে ফেলে এবং অঙ্গটিকে আক্রমণ করতে শুরু করে। নিয়মমাফিক ওষুধ খেলেও কখনো কখনো এ সমস্যা দেখা দিতে পারে।

নিজের মতো করে অঙ্গ তৈরি করা

বিজ্ঞানীরা এমন অঙ্গ তৈরি জন্য কাজ করছেন, যা প্রত্যাখ্যাত হবে না। এক্ষেত্রে দাতা হিসেবে জেনেটিক্যালি পরিবর্তিত শূকর ব্যবহার করা হচ্ছে।

‘ক্রিস্পার’ নামের এক জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে শূকরের কিছু জিন কেটে ফেলে সেখানে কিছু মানুষের জিন যোগ করে অঙ্গটিকে আরও উপযোগী ও সামঞ্জস্যপূর্ণ করে তোলার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

কোনো অঙ্গ প্রতিস্থাপনের চেষ্টা না করলেও নিজের ছেলের থেকে নেওয়া রক্তের প্লাজমা শরীরে নিয়েছেন জনসন। ছবি: ব্রায়ান জনসনের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

কোনো অঙ্গ প্রতিস্থাপনের চেষ্টা না করলেও নিজের ছেলের থেকে নেওয়া রক্তের প্লাজমা শরীরে নিয়েছেন জনসন

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের জেনেটিকালি পরিবর্তিত শূকর পালা ভালো। কারণ শূকরের অঙ্গ মানবদেহের আকারে ঠিকঠাক মানানসই হয়। ফলে অঙ্গ প্রতিস্থাপন আরও সহজ ও সফল হতে পারে।

এ বিজ্ঞান এখনও একেবারেই পরীক্ষামূলক ও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এরইমধ্যে একটি হার্ট ও একটি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন বিজ্ঞানীরা। যারা এ ধরনের অস্ত্রোপচার করতে রাজি হয়েছিলেন তারা প্রতিস্থাপন চিকিৎসার এই নতুন ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হন।

তারা দুজনেই মারা গিয়েছেন। তবে ‘জেনোট্রান্সপ্লান্টেশন’কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের এ অবদান। ‘জেনোট্রান্সপ্লান্টেশন’ হচ্ছে এক প্রজাতির থেকে অন্য প্রজাতিতে জীবিত কোষ, টিস্যু বা অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া।

আরেকটি পথ হচ্ছে মানুষেরই দেহ কোষ ব্যবহার করে সম্পূর্ণ নতুন অঙ্গ গড়ে তোলা। মানবদেহের বিভিন্ন স্টেম কোষের এমন সক্ষমতা রয়েছে যে, এরা শরীরের যে কোনো ধরনের কোষ বা টিস্যুতে পরিণত হতে পারে।

এখন পর্যন্ত কোনো গবেষণা দল সম্পূর্ণ কার্যকর ও প্রতিস্থাপনওয়ালা মানব অঙ্গ তৈরি করতে পারেনি। তবে বিজ্ঞানীরা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে চলছেন।

২০২০ সালের ডিসেম্বরে মানব স্টেম কোষ ও বিশেষ কৃত্রিম কাঠামোর সাহায্যে ‘থাইমাস’ নামের এক গুরুত্বপূর্ণ অঙ্গ পুনরায় তৈরি করেছিল যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ বা ইউসিএল ও ‘ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট’-এর গবেষকরা। থাইমাস মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

লন্ডনের ‘গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল’-এর বিজ্ঞানীরা বলেছেন, রোগীর নিজের টিস্যু থেকে নেওয়া স্টেম কোষ ব্যবহার করে মানব অন্ত্রের টিস্যু তৈরি করেছেন তারা, যা ভবিষ্যতে শিশুদের অন্ত্রজনিত সমস্যার জন্য ব্যক্তিগতকৃত অঙ্গ প্রতিস্থাপনের পথ খুলে দিতে পারে।

তবে এসব উন্নতি মূলত অসুস্থতা নিরাময়ে ব্যবহৃত হচ্ছে, মানুষের আয়ু দেড়শ বছর পর্যন্ত বাড়ানোর জন্য নয়।

অন্যদিকে, প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসন প্রতিবছর কোটি কোটি ডলার ব্যয় করছেন তার জৈবিক বয়স কমানোর জন্য। তিনি এখনও নতুন কোনো অঙ্গ প্রতিস্থাপনের চেষ্টা করেননি। তবে তার ১৭ বছর বয়সী ছেলের থেকে নেওয়া রক্তের প্লাজমা নিজের শরীরে নিয়েছেন তিনি।

পরবর্তী সময়ে কোনও সুফল না পাওয়ায় এবং যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা এফডিএ’র বাড়তি চিকিৎসাগত নজরদারির কারণে এ কাজ বন্ধ করে দিয়েছেন জনসন।

গবেষণা থেমে নেই

‘কিংস কলেজ লন্ডন’-এর ড. জুলিয়ান মুটজ বলেছেন, অঙ্গ প্রতিস্থাপনের বাইরে প্লাজমা প্রতিস্থাপনের মতো পদ্ধতিও পরীক্ষা করা হচ্ছে। তবে এগুলো এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

“এ ধরনের কৌশল মানুষের জীবনকাল, বিশেষ করে আয়ু বাড়িয়ে তুলতে বাস্তবিক প্রভাব ফেলবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত আগ্রহের বিষয় এটি।”

‘ইউনিভার্সিটি অফ এডিনবার্গ’-এর ‘রস্লিন ইনস্টিটিউট’-এর ইমিউনোপ্যাথলজি বিশেষজ্ঞ অধ্যাপক নিল ম্যাবট বলেছেন, মানুষের বেঁচে থাকার সর্বোচ্চ সীমা হতে পারে একশ ২৫ বছর।

“এখনও পর্যন্ত যতটুকু নিশ্চিতভাবে জানা গিয়েছে সেক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বেশি বয়সে বেঁচে থাকা মানুষ ছিলেন একজন ফরাসি নারী, জ্যঁ কালমঁ। ১৮৭৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত একশ ২২ বছর বেঁচেছিলেন তিনি।

“আর যদিওবা ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে বদলে ফেলা সম্ভব হয় তবুও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের সহনশীলতা ও শারীরিক চাপ মোকাবেলার সক্ষমতা কমে যাবেই। ফলে কেবল অঙ্গ বদলালেই সব ঠিক হয়ে যাবে না।”

তিনি আরও বলেছেন, আয়ু বাড়ানোর ওপর মনোযোগ দেওয়ার চেয়ে বরং মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করা উচিত।

“অনেক দিন বেঁচে থাকলেও যদি তা হয় বয়সজনিত নানা রোগে ভুগে, বারবার হাসপাতালে গিয়ে অঙ্গ প্রতিস্থাপন করিয়ে তবে সেই জীবন খুব একটা সুখকর বা উপভোগ্য হবে না!”