২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেটায় যাচ্ছেন অ্যাপলের জ্যেষ্ঠ নকশাবিদ অ্যালান ডাই

২০১৯ সালে জনি আইভ অ্যাপল ছাড়ার পর থেকে কোম্পানিটির পণ্যের নান্দনিকতা ও ব্যবহারযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডিজাইনার।

মেটায় যাচ্ছেন অ্যাপলের জ্যেষ্ঠ নকশাবিদ অ্যালান ডাই
অ্যাপলের কয়েকটি বড় নতুন প্ল্যাটফর্ম ও ডিজাইন পরিবর্তনের ওপর কাজ করেছেন ডাই। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটায় যাচ্ছেন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপলের অন্যতম প্রধান ডিজাইনার অ্যালান ডাই।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, অ্যাপলের ‘হিউম্যান ইন্টারফেইস ডিজাইন’-এর ভাইস প্রেসিডেন্ট অ্যালান ডাই মেটায় যোগ দিচ্ছেন। ২০১৯ সালে জনি আইভ অ্যাপল ছাড়ার পর থেকে কোম্পানিটির পণ্যের নান্দনিকতা ও ব্যবহারযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডিজাইনার। এবার নিজের অসাধারণ ডিজাইন প্রতিভা মেটায় উপস্থাপন করবেন তিনি।

থ্রেডস পোস্টে দেওয়া এক ঘোষণায় মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, মেটায় ‘চিফ টেকনোলজি অফিসার’ বা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের অধীনে এক নতুন স্টুডিওর প্রধান হিসেবে কাজ করবেন ডাই। স্টুডিওটিতে হার্ডওয়্যার, সফটওয়্যার ও এআই পণ্যের ডিজাইন দেখভাল করবেন তিনি। স্টুডিওতে রয়েছেন সাবেক অ্যাপল ডিজাইনার বিলি সোরেনটিনো, মেটার ইন্টারফেইস ডিজাইন লিড জোশুয়া টো ও ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন দল, যার নেতৃত্ব দেবেন পিট ব্রিস্টল এবং মেটাভার্স ডিজাইন ও আর্ট টিমের নেতৃত্ব দেবেন জেসন রুবিন।

জাকারবার্গ পোস্টে বলেছেন, “ডিজাইন, ফ্যাশন ও প্রযুক্তিকে একসঙ্গে করবে এ নতুন স্টুডিও, যাতে আমাদের পণ্য ও অভিজ্ঞতার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সংজ্ঞায়িত করা যায়। আমাদের লক্ষ্য, এআইকে নতুন এক ডিজাইন উপাদান হিসেবে দেখা ও কল্পনা করা, বিশেষ করে যখন এআই আরও উন্নত ও মানুষকেন্দ্রিক হবে তখন কী কী সম্ভব হবে তা দেখা।”

অন্যদিকে, অ্যাপলে ডাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন স্টিফেন লেমে। অ্যাপলে জ্যেষ্ঠ ডিজাইনারদের একজন তিনি। ১৯৯৯ সাল থেকে কোম্পানির সব ইন্টারফেইসের ওপর কাজ করেছেন লেমে। অ্যাপল খুব প্রাইভেসি মেনে কাজ করার ফলে কোম্পানিটিতে কোনো একক ডিজাইনারের কৃতিত্ব নির্দিষ্টভাবে স্বীকার করা কঠিন।

তবে ডাই অ্যাপলের কয়েকটি বড় নতুন প্ল্যাটফর্ম ও ডিজাইন পরিবর্তনের ওপর কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ‘ভিশনওএস’-এর ইন্টারফেইস ও এর নতুন ‘লিকুইড গ্লাস’ ডিজাইন।

অ্যাপল থেকে কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে যাওয়া ডাই-ই প্রথম ডিজাইনার নন। এর আগে ২০২২ সালে অ্যাপল ছেড়ে জনি আইভের সঙ্গে কাজ করতে যান কোম্পানির সাবেক ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রধান এভান্স হ্যাঙ্কি।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের আসন্ন হার্ডওয়্যার ডিভাইস তৈরি করছেন এমন বর্তমান কয়েকজন সাবেক অ্যাপল কর্মীর মধ্যে হ্যাঙ্কি একজন। এ ক্ষেত্রে ডাইয়ের মেটায় যোগ দেওয়ার বিষয়টি রোমাঞ্চকর হতে পারে।