২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ম্যাক ব্যবহারকারীদের দ্রুত নিরাপত্তা আপডেট নিতে বলছে অ্যাপল

অ্যাপল কোনো আপডেট আনার আগে ডেভেলপার ও পাবলিক বিটা সংস্করণে তা যাচাই করে নিলেও এবার কোনো বিটা টেস্ট ছাড়াই সব ব্যবহারকারীর জন্য আপডেট আনল।

ম্যাক ব্যবহারকারীদের দ্রুত নিরাপত্তা আপডেট নিতে বলছে অ্যাপল
সফটওয়্যার বিভাগে বেশ ব্যস্ত সময় পার করছে আইফোন নির্মাতা কোম্পানিটি। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 01:06 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

ম্যাক অপারেটিং সিস্টেমের বড় ধরনের নিরাপত্তা ত্রুটি দূর করতে জরুরি সিকিউরিটি বা নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, নতুন এ আপডেটের মাধ্যমে হ্যাকারদের অননুমোদিত অ্যাক্সেস ঠেকাতে সব ম্যাক ব্যবহারকারীকে দ্রুততম সময়ে ডিভাইস আপডেট করার পরামর্শ দিয়েছে কোম্পানিটি।

স্ক্রিন শেয়ারিং ফিচারের গুরুতর নিরাপত্তা ত্রুটি দূর করতে এ আপডেট আনল অ্যাপল। নতুন এসব আপডেট হচ্ছে, ‘ম্যাকওএস টাহো ২৬.৬.১’, ‘ম্যাকওএস সিকোয়া ১৫.৭.৯’ ও ‘ম্যাকওএস সোনোমা ১৪.৮.৯’।

অ্যাপল বলেছে, নেটওয়ার্কে থাকা কোনো সাইবার আক্রমণকারী বা হ্যাকার বৈধ তথ্যাদি ছাড়াই অ্যাপলের ‘স্ক্রিন শেয়ারিং’ ব্যবস্থায় প্রবেশ বা অ্যাক্সেস নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। নতুন এ আপডেটের মাধ্যমে সেই ত্রুটি বন্ধ করা হয়েছে।

সাধারণত অ্যাপল কোনো আপডেট আনার আগে ডেভেলপার ও পাবলিক বিটা সংস্করণে তা যাচাই করে। এবার কোনো বিটা টেস্ট ছাড়াই সব ব্যবহারকারীর জন্য আপডেট প্রকাশ করল অ্যাপল, যা থেকে ইঙ্গিত মেলে, এ ত্রুটি যথেষ্ট শঙ্কার।

সাইবার ঝুঁকি এড়াতে সব ম্যাক ব্যবহারকারীকে দ্রুততম সময়ে নিজ নিজ ডিভাইস আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল।

সফটওয়্যার বিভাগে বেশ ব্যস্ত সময় পার করছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

বহুল প্রতীক্ষিত আইওএস ২৭, ম্যাকওএস ২৭’সহ তাদের বিভিন্ন ডিভাইসের নতুন অপারেটিং সিস্টেমের পাবলিক বিটা সংস্করণ গেল জুলাইয়ের মাঝামাঝি থেকেই চালু করতে শুরু করেছে অ্যাপল।

এরই ধারাবাহিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি করা মানহীন ও কাল্পনিক নিরাপত্তা ত্রুটির রিপোর্টের বন্যায় পড়ে নিজেদের ‘বাগ বাউন্টি’ নীতিমালায় বড় ধরনের সংস্কার এনেছে কোম্পানিটি।

এআই দিয়ে তৈরি অকার্যকর তথ্যের চাপ সামলে প্রকৃত সাইবার ঝুঁকিগুলো দ্রুত শনাক্ত করতেই অ্যাপল তাদের বাগ বাউন্টি প্রোগ্রামে অনুসন্ধানী প্রতিবেদন জমা দেওয়ার ওপর নতুন কড়াকড়ি আরোপ করেছে।