০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সিক্সজি’কে অস্ত্র হিসেবে ব্যবহারের উপায় পাওয়ার দাবি চীনা বিজ্ঞানীদের

এ প্রযুক্তি আমেরিকার তৈরি ‘এফ-৩৫’-এর মতো উন্নতমানের যুদ্ধবিমানের পাইলটদের বিভ্রান্ত করতে হাজার হাজার ভুয়া সংকেত তৈরি করতে পারে।

সিক্সজি’কে অস্ত্র হিসেবে ব্যবহারের উপায় পাওয়ার দাবি চীনা বিজ্ঞানীদের
সিক্সজি হচ্ছে সর্বশেষ প্রজন্মের যোগাযোগ নেটওয়ার্ক। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 03:59 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

সিক্সজি প্রযুক্তি ব্যবহার করে উন্নত নতুন ধরনের এক অস্ত্র তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। যেটি উন্নতমানের যুদ্ধবিমানকে বিভ্রান্ত করতে ও এগুলোর যোগাযোগ ব্যবস্থাকে বন্ধও করতে পারে বলে দাবি তাদের।

চীনা গবেষকরা বলছেন, আধুনিক রেডার যন্ত্রের চেয়েও বেশি সুবিধা দেবে তাদের তৈরি নতুন এই রেডিও সংকেত প্রক্রিয়ার পদ্ধতি।

তারা বলেছেন, এ সিক্সজি প্রযুক্তির মাধ্যমে তৈরি অস্ত্র শত্রুর রিলে সংকেত আটকানোর পাশাপাশি আমেরিকার তৈরি ‘এফ-৩৫’-এর মতো উন্নতমানের যুদ্ধবিমানের পাইলটদের বিভ্রান্ত করতেও হাজার হাজার ডিকয় বা ভুয়া সংকেত তৈরি করতে পারে।

গবেষণাটি প্রকাশ পেয়েছে চীনা অপটিক্স জার্নাল ‘অ্যাক্টা অপটিকা সিনিকা’-তে। এতে বলা বলেছে, অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণে তথ্য পাঠানোর ক্ষেত্রে যোগাযোগ ডিভাইস হিসাবেও কাজ করতে পারে এটি।

গবেষকরা বলেছেন, এটি বিশ্বের প্রথম এমন কোনও প্রকাশ্যে আসা সিস্টেম, যার মধ্যে ‘একইসঙ্গে একই ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করা ও তা আটকানোর সক্ষমতা’ রয়েছে।

তারা লিখেছেন, “সিক্সজি প্রযুক্তির উন্নতির ফলে এখন যোগাযোগ, রেডার ও ইলেকট্রনিক যুদ্ধের বিভিন্ন প্রযুক্তির সংমিশ্রণ ঘটচ্ছে। ফলে আরও উন্নত এবং শক্তিশালী ব্যবস্থা তৈরি হচ্ছে।

সিক্সজি প্রযুক্তি হচ্ছে সর্বশেষ প্রজন্মের যোগাযোগ নেটওয়ার্ক, যা বর্তমান ফাইভজি সিস্টেমের চেয়েও দ্রুতগতিতে ও কম সময়ে বেশি সক্ষমতা দেয় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

ফলে সিক্সজি প্রযুক্তিতে ডেটা পাঠানোর গতি প্রতি সেকেন্ডে ১০০ গিগাবিট পর্যন্ত পৌঁছাতে পারে এবং এজন্য এক মিলিসেকেন্ডেরও কম সময় লাগে, যা ফাইভজি’র এক হাজার গুণ গতি।

গবেষকরা বলছেন, সর্বশেষ এ অগ্রগতি সম্ভব হয়েছে কারণ ফোটন ও ইলেকট্রন– এ দুই ধরনের কণার সংযোগ প্রক্রিয়াকরণ করতে পারে সিক্সজি প্রযুক্তি, যা ‘মাইক্রোওয়েভ-ফোটোনিক সিস্টেম’ নামে পরিচিত।

এ সিস্টেমকে ‘মাইক্রোওয়েভ ফোটোনিক ফিল্টার’ বা এমপিএফ বলা হচ্ছে, যা উচ্চ কার্যক্ষমতার রেডিও ফ্রিকোয়েন্সি সংকেত প্রক্রিয়ার জন্য আশাব্যঞ্জক এক সমাধান হিসেবে সামনে এসেছে।

ইন্ডিপেনডেন্ট লিখেছে, সম্প্রতি ‘ইন্টিগ্রেটেড মাইক্রোওয়েভ ফোটোনিক ফিল্টার’ বা আইএমপিএফ বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ, এগুলোর মাধ্যমে ছোট, পরিবর্তন করা যায় ও কম বিদ্যুৎ খরচ হয় এমন রেডিও ফ্রিকোয়েন্সির যোগাযোগ ব্যবস্থা তৈরি সম্ভব।

অন্যান্য মাইক্রোওয়েভ সিস্টেমের মতো কেবল যোগাযোগ বা সেন্সিংয়ের মতো কোনও এক ধরনের কাজের ওপর মনোযোগ না দিয়ে এসব মাইক্রোওয়েভ-ফোটোনিক সিস্টেমের রয়েছে বিস্তৃত ব্যান্ডউইথ, কম ক্ষতিকর, শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা ও সামঞ্জস্যপূর্ণ নমনীয়তা।

এসব বৈশিষ্ট্য এটিকে একসঙ্গে একাধিক কাজে যোগ্য করে তোলে। যেমন– উচ্চগতির ডেটা পাঠানো ও কোনো সংকেতকে পুনরায় তৈরি করা।

গবেষণায় নতুন এক মাইক্রোওয়েভ ফোটোনিক রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইসের বর্ণনা করেছেন বিজ্ঞানীরা, যার মধ্যে যোগাযোগ ও বাধা দেওয়া বা কোনোকিছু আটকানোর সক্ষমতা একসঙ্গে রয়েছে।

তারা লিখেছেন, ডিভাইসটি “ছোট হলেও তা বহুমুখী কাঠামোর উন্নত সংকেত খুব ভালোভাবে ধরে রাখতে, বাধা দিতে ও ডেটা পাঠানোর মতো কাজ করতে পারে, যা ভবিষ্যতের যুদ্ধের জন্য খুবই নতুন ও কার্যকর এক প্রযুক্তি”।

তবে বিজ্ঞানীরা বলেছেন, বর্তমানে সিক্সজি প্রযুক্তিরও সমস্যা রয়েছে। এ প্রযুক্তি যতই উন্নত হচ্ছে ততই এটিকে সহজ ও কম জটিল করার চেষ্টা চলছে। ফলে এর ফাংশন বা কাজ বাড়ানোর জন্য সিস্টেমটি আরও জটিল হয়ে যাচ্ছে। কারণ, সিস্টেমটির জন্য সহজ ও শক্তিশালী– এ দুটি কাজ একসঙ্গে করা কঠিন।

ইন্ডিপেনডেন্ট লিখেছে, সিক্সজি প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গিয়েছে চীন এবং এ প্রযুক্তির অনেক নতুন আইডিয়া ও আবিষ্কারের জন্য দেশটির কাছে সবচেয়ে বেশি পেটেন্টও রয়েছে। ফলে বোঝায় যাচ্ছে, এ ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে চীন।