২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিদায় নিচ্ছেন ওপেনএআইয়ের প্রযুক্তি প্রধান মিরা মুরাতি

এআই কোম্পানিটিতে ছয় বছর কাটানো মুরাতির হাত ধরেই চ্যাটজিপিটি ও ওপেনএআইয়ের ‘টেক্সট-টু-ইমেজ’ জেনারেটর ‘ডাল-ই’ উন্মোচিত হয়েছিল।

বিদায় নিচ্ছেন ওপেনএআইয়ের প্রযুক্তি প্রধান মিরা মুরাতি
ছবি: ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 03:54 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআই ছেড়ে চলে যাচ্ছেন কোম্পানিটির সিটিও মিরা মুরাতি।

“নিজস্ব কাজের জন্য সময় ও জায়গা তৈরি করতে চাই, এজন্য সরে যাচ্ছি,” সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন তিনি।

“আপাতত, আমার প্রাথমিক মনযোগ, কোম্পানির কাজের গতি বজায় রেখে আমার ক্ষমতা যতটা মসৃণভাবে হাতবদল করা যায়, সে বিষয়টি নিশ্চিত করা।”

মুরাতির পাশাপাশি ওপেনএআইয়ের নেতৃস্থানীয় পর্যায়ের আরও দুজন বিদায় নিচ্ছেন। এর মধ্যে একজন কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা বব ম্যাকগ্রু। আর অন্যজন কোম্পানির পোস্ট ট্রেইনিং বিভাগের ভিপি ব্যারেট জফ।

ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান বলেছেন, তারা প্রত্যেকেই স্বাধীনভাবে এবং বন্ধুত্বসুলভ উপায়ে নিজ নিজ সিদ্ধান্ত নিয়েছেন।

ওপেনএআইয়ের বোর্ডরুম ক্যু, যা এআই স্টার্টআপ কোম্পানিটিকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, তার প্রায় বছরখানেক পর মুরাতি বিদায় নিচ্ছেন। সে সময় অল্টম্যানকে কোম্পানি থেকে ছাঁটাই করে কোম্পানির অস্থায়ী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মুরাতি।

এআই কোম্পানিটিতে ছয় বছর কাটানো মুরাতির হাত ধরেই চ্যাটজিপিটি ও ওপেনএআইয়ের ‘টেক্সট-টু-ইমেজ’ জেনারেটর ‘ডাল-ই’ উন্মোচিত হয়েছিল।

“নেতৃত্বে বদল আসা যে কোনো কোম্পানির ক্ষেত্রেই স্বাভাবিক একটি প্রক্রিয়া। বিশেষ করে যেসব কোম্পানির চাহিদা দ্রুতগতিতে বাড়ছে,” কর্মীদের পাঠানো নোটে উল্লেখ করেছেন স্যাম অল্টম্যান।