২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপেরায় ভিপিএন ফিচার চালু

অপেরা ব্রাউজারে ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে আনলিমিটেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারের সুবিধা যোগ করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 06:31 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

এ ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা ভার্চুয়ালি কোন দেশ থেকে ইন্টারনেট ব্রাউজ করতে চান তা বেছে নিতে এবং অনলাইনে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে সহজেই বন্ধ করে রাখা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারবেন। এর জন্য কোনো থার্ড-পার্টি ব্রাউজার এক্সটেনশন ডাউনলোড করার প্রয়োজন হবে না বলে জানায় ইন্ডিপেনডেন্ট।

ভিপিএন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পাবলিক নেটওয়ার্কের মধ্যেই ব্যক্তিগত সার্ভারের সাথে এনক্রিপটেড সংযোগ স্থাপন করে থাকে। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত ইন্টারনেট হিস্টোরি দেখা ইন্টারনেট প্রতিষ্ঠান, নিরাপত্তা সংস্থা ও হ্যাকারদের মতো তৃতীয় পক্ষের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার খাতিরে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের মধ্যেও ভিপিএন ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে।

ভিপিএন ব্যবহার করতে অনেকক্ষেত্রেই খরচ এবং ডেটা ব্যবহারের সীমার মতো নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে অপেরার নিজস্ব ভিপিএন সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো ধরনের সীমা ছাড়াই ব্যবহার করা যাবে। তবে এ সুবিধা এখনও পর্যন্ত ব্রাউজারটির ডেভেলপার সংস্করণেই চালু আছে এবং তা ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করার আগে প্রতিষ্ঠানটি সবকটি ফিচারেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিচ্ছে বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।