শিশু প্রসবের সঙ্গে ঘোড়ার প্রজনন মেলালেন ইলন মাস্কের বাবা
মাস্কের জন্ম সমর্থক দৃষ্টিভঙ্গি তার চেয়েও ভালো বোঝেন তার বাবা ইরল মাস্ক, যিনি দক্ষিণ আফ্রিকার একজন প্রকৌশলী ও ব্যবসায়ী।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে নতুন এক বন্ধুত্বের সূচনা দেখা গেছে, যেখানে তাদের ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছেই।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে নিয়মিতই আসা যাওয়া করছেন মাস্ক। এমনকি এ যুগল নিজেদের পরিবারকেও একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ বলছে, মাস্ক বিশ্বনেতাদের সঙ্গে ফোনে গোপনে কথা বলার পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ক্যাবিনেট বাছাই নিয়েও পরামর্শ করেছেন। এমনকি স্পেসএক্স’র তৈরি স্টারশিপ রকেটের উৎক্ষেপণ দেখাতেও ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
ট্রাম্পের অধীনে নতুন ‘ডিপার্টমেন্ট অফ গভার্নমেন্ট এফিশিয়েন্সি’ বিভাগের সহ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মাস্ক, যার লক্ষ্য, সরকারি খরচ যতটা সম্ভব কমিয়ে আনা।
এদিকে, বিশ্বের জনসংখ্যা কমে আসার আশঙ্কা নিয়ে প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আসছেন মাস্ক।
“শিগগিরই জনসংখ্যা কমে আসবে…পৃথিবী থেকে মানুষ প্রায় হারিয়েই যাবে,” সম্প্রতি লেখেন তিনি।
“আমাদের উচিৎ, গর্ভধারণ সংশ্লিষ্ট ভীতির পরিবর্তে সন্তানহীনতার ভয় শেখানো।”
সাম্প্রতিক মাসগুলোয় তার এমন পোস্টের মাত্রা বাড়তে দেখা গেছে।
মাস্কের অন্তত ১১জন সন্তান আছে, যার পেছনে হাত ছিল তিন নারীর। সম্প্রতি এর মধ্যে কেউ কেউ ডনাল্ড ট্রাম্পের বাড়িতেও সময় কাটিয়েছেন।
মাস্কের জন্ম সমর্থক দৃষ্টিভঙ্গি তার চেয়েও ভালো বোঝেন তার বাবা ইরল মাস্ক, যিনি দক্ষিণ আফ্রিকার একজন প্রকৌশলী ও ব্যবসায়ী। তবে, মাস্কের সঙ্গে তার সম্পর্ক তেমন ভালো নয় বলে প্রতিবেদনে লিখেছে স্কাই।
“ইলন নিজের মতবাদ সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা না করলেও তার একটা মতবাদ থাকবেই,” বলেন তিনি।
ইরলের নিজেরও সাতজন সন্তান আছে, যেখানে তার বড় সন্তান অর্থাৎ ইলন মাস্কের বয়স ৫৩ বছর হলেও তার সবচেয়ে ছোট মেয়ের বয়স মাত্র পাঁচ বছর। আর তিনি নিজেও শিশু প্রসব করার পক্ষে।
“আমরা এখানে বোটিং, ফ্লাইয়িং, স্কিয়িং বা ঘুড়ি ওড়ানোর মতো কিছু উপভোগ করতে আসিনি,” বলেন তিনি।
“আমরা এখানে থেকে যেতে এসেছি। ক্রমশ কমতে থাকা জনসংখ্যা আমাদের সবারই উদ্বিগ্ন হওয়া উচিৎ। আর সেটা যেকোনো দেশ এমনকি শিল্পের বেলাতেও প্রযোজ্য।”
স্কাই নিউজ বলছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের মতো বেশ কয়েকটি দেশে জনসংখ্যা কমে আসছে।
“আপনি শুধু ইংল্যান্ডের চেলটেনহ্যাম শহরে যান, যা ঘোড়াদের প্রজনন করার এলাকা। আর গিয়ে বলুন, ‘দেখ, আমরা এখন থেকে আর কোনোভাবেই ঘোড়া প্রজনন করব না,” বলেন ইরল।
“আমার কাছে কিছু পুরোনো ঘোড়া আছে, যেগুলো আমি নাইজেরিয়া থেকে এনেছি। আমি স্রেফ এদের সঙ্গে তোমাদের রেসের ঘোড়ার শংকর বানাব।”
