২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআই মানুষের অনুভূতির বিকল্প হতে পারে না: স্পিলবার্গ

“এআইকে কেবল একটি টুল হিসেবে ব্যবহার করা উচিত। সৃজনশীল কোনো বিষয়ে এআইকে শেষ কথা বলতে দেওয়া যাবে না, এখানেই আমি আমার এআই ব্যবহারের সীমারেখা টেনেছি।”

এআই মানুষের অনুভূতির বিকল্প হতে পারে না: স্পিলবার্গ
স্পিলবার্গ বলেছেন, “আমি মনে করি না, মানুষের আবেগ বা আত্মাকে কোনো কৃত্রিম অ্যালগরিদম দিয়ে তৈরি করা সম্ভব।” ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 02:52 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

সৃজনশীল কাজের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যম হিসেবে মানতে নারাজ হলিউডে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ।

তিনি বলেছেন, এআইকে কাজের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গেলেও তা কখনো মানুষের ‘আত্মা’ বা অনুভূতির বিকল্প হতে পারে না।

ব্রিটিশ সংবাদমাদ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, সম্প্রতি এক পডকাস্টে চলচ্চিত্র নির্মাণে এআইয়ের প্রভাব ও ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে নিজের মতামত শেয়ার করেছেন এই গুণী পরিচালক।

স্পিলবার্গ বলেছেন, “কোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যম হিসেবে এআই’কে মোটেও সমর্থন করি না আমি।”

কাকতালীয়ভাবে, ২০০১ সালে তিনি নিজেই ‘এ.আই. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামের এক বিখ্যাত সায়েন্স ফিকশন সিনেমা তৈরি করেছিলেন।

তবে মিশেল ওবামা ও ক্রেগ রবিনসনের উপস্থাপনায় ‘আইএমও’ পডকাস্টে অংশ নিয়ে চলচ্চিত্র নির্মাণে এ প্রযুক্তির ব্যবহার নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন স্পিলবার্গ। তিনি চান না, এআই হলিউডের সৃজনশীল প্রক্রিয়াকে পুরোপুরি দখল করে নিক।

‘চিকিৎসা ক্ষেত্রের জটিল সব সমস্যা খুঁজে বের করার জন্য এ প্রযুক্তি ভূমিকা রাখলেও’ চলচ্চিত্র শিল্পে এর প্রভাব মোটেও ইতিবাচক নয় বলেই মনে করেন স্পিলবার্গ।

তিনি বলেছেন, “লেখকের টেবিলে কোনো মানুষের জায়গা খালি করে সেখানে এআইয়ের বসে পড়া বা কোনো সৃজনশীল অবস্থান নেওয়া আমার একদমই পছন্দ নয়।”

মানুষের বিকল্প হিসেবে এআইকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে স্পিলবার্গ বলেছেন, “আমি মানুষের জায়গায় অন্য কিছু বসাতে রাজি নই। কারণ আমি আসলে কৃত্রিম চেতনায় বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে, মানুষের আত্মার কোনো বিকল্প হতে পারে।

“আমি মনে করি না, মানুষের আবেগ বা আত্মাকে কোনো কৃত্রিম অ্যালগরিদম দিয়ে তৈরি করা সম্ভব।

“একটি কম্পিউটার নিজেকে মানুষের চেয়েও বেশি অনুভূতিশীল ভাববে– এমন ধারণা আমার নীতি ও বেড়ে ওঠার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। ভবিষ্যতে সিনেমা প্রযোজনা ও পরিচালনার ক্ষেত্রে আমি নিজের এ বিশ্বাসই ধরে রাখব।” 

৭৯ বছর বয়সী এ পরিচালক অবশ্য স্বীকার করেছেন, ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাণে লোকেশন স্কাউটিং বা শুটিংয়ের জায়গা খোঁজার মতো প্রাথমিক ও পরিশ্রমের কাজগুলো সহজ করতে ‘এআই সাহায্য করতে পারে’।

তবে সিনেমা কীভাবে বানাতে হবে এআই এসে সেই পরামর্শ দিক তা তিনি কখনোই চান না।

স্পিলবার্গ বলেছেন, “চলচ্চিত্রের কোনো চরিত্রের সংলাপ কীভাবে লিখতে হবে, ক্যামেরা কোথায় বসাতে হবে বা শুটিংয়ের সেট কেমন দেখতে হবে এসব বিষয়ে এআই আমাকে জ্ঞান দিক তা আমি চাই না।

“তবে প্রোডাকশন ডিজাইনারের বড় একটা টুলবক্সের ভেতর এআই যদি কেবল সাধারণ এক কাজের হাতিয়ার হিসেবে থাকে তবে সেটিই আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব।

“এআইকে কেবল একটি টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত। তবে সৃজনশীল কোনো বিষয়ে এআইকে শেষ কথা বলতে দেওয়া যাবে না। আর এখানেই আমি আমার এআই ব্যবহারের সীমারেখা টেনেছি।”

সাক্ষাৎকারে স্পিলবার্গ তার আগামী সিনেমা ‘ডিসক্লোজার ডে’ নিয়ে কথা বলার সময় ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনদের অস্তিত্বে বিশ্বাস করার কথাও বলেছেন।

সিনেমাটিতে এলিয়েনরা যে এরইমধ্যে পৃথিবীতে এসেছে– এমন ধারণা ফুটিয়ে তোলা হয়েছে।

স্পিলবার্গ বলেছেন, “মহাবিশ্বে অন্য কোথাও প্রাণ নেই এমন বিষয় গাণিতিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব বলে মনে করি আমি।”

এর আগে, মার্চে অনুষ্ঠিত ‘সাউথ বাই সাউথওয়েস্ট’ফিল্ম অ্যান্ড টিভি ফেস্টিভালেও একই ধরনের অনুভূতির কথা প্রকাশের পাশাপাশি দৃঢ়ভাবে স্পিলবার্গ বলেছিলেন, এ মুহূর্তে পৃথিবীতে ‘আমরা একা নই’।

স্পিলবার্গের আসন্ন সিনেমা ‘ডিসক্লোজার ডে’র মূল ভাবনা  হচ্ছে ‘যদি আপনি জানতে পারেন যে আমরা এই মহাবিশ্বে একা নই এবং কেউ যদি আপনাকে এর প্রমাণ দেখায়, তবে আপনি কি ভয় পাবেন?’

পডকাস্টার শন ফেনেসি এ ধারণার ওপর ভিত্তি করে স্পিলবার্গকে প্রশ্ন করলে তিনি বলেছেন, “এ বিষয়ে বাকি সবার চেয়ে আমি নিজে খুব বেশি কিছু জানি না।

“তবে আমার মনে খুব জোরালো একটা সন্দেহ কাজ করে, আমরা এই মুহূর্তে পৃথিবীতে একা নই। আর এ বিষয়টি নিয়েই আমি সিনেমাটি বানিয়েছি।”