এবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের অ্যাকাউন্ট নিষিদ্ধ করল টিকটক
গত সপ্তাহে একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম, ফেইসবুকের মালিক মেটা। ‘বিদেশি হস্তক্ষেপের’ দায়ে নানা রাষ্ট্রীয় গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে কোম্পানিটি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘গোপন প্রভাব বিস্তারের অভিযানে’ জড়িত থাকার অভিযোগে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে টিকটক।
এ পদক্ষেপ নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে শর্ট ভিডিও প্ল্যাটফর্মটির প্রচেষ্টারই অংশ বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
সরিয়ে নেওয়া রাশিয়ার বিভিন্ন রাষ্ট্রীয় গণমাধ্যম অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ‘আরআইএ নভোস্তি’ ও ‘স্পুটনিক’। এই গণমাধ্যমগুলোর মালিক মিডিয়া গ্রুপ ‘রুসিয়া সেগোদনিয়া’। এ নিষেধাজ্ঞার মধ্যে আছে ‘আরটি’ নিউজ চ্যানেল, যার মূল কোম্পানি ‘টিভি-নভোস্তি’।
টিকটক বলেছে, এর আগে রাশিয়ার এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাজ্য ও ইইউতে। একইসঙ্গে গোটা বিশ্ব তাদের বিভিন্ন কনটেন্টকে চিহ্নিত করেছে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম হিসেবে।
এখন টিকটকে স্থায়ীভাবে নিষিদ্ধ হল রাশিয়ার এসব রাষ্ট্রীয় গণমাধ্যম।
গত সপ্তাহে একই ধরনের পদক্ষেপ নেয় ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মালিক কোম্পানি মেটা। ‘বিদেশি হস্তক্ষেপের’ দায়ে রুসিয়া সেগোদনিয়া ও আরটি’সহ অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে কোম্পানিটি।
২০২২ সালের মার্চে যুক্তরাজ্যে নিজেদের সম্প্রচারের লাইসেন্স হারায় রাশিয়ার গণমাধ্যম আরটি। সে সময় গণমাধ্যমটি বলেছে, ‘বিশ্বের বাকি অংশে তথ্য প্রচারের বিষয়টিকে সেন্সর করছে’ এই মার্কিন সংস্থাটি ।
মেটা’র রাশিয়ার গণমাধ্যমকে নিষিদ্ধের প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, নেটওয়ার্ক নিষিদ্ধ করে ‘নিজেদেরই সুনামহানি করেছে’ মেটা।
তবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে নিষিদ্ধের বিষয়ে টিকটকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে অনলাইন কনটেন্ট তৈরির জন্য একটি মার্কিন কোম্পানিকে ভাড়া করার চেষ্টার অভিযোগে এ মাসে আরটি’র দুই কর্মীর বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্র।
এর আগে জুলাই মাসে ভুয়া তথ্য ছড়ানোর জন্য রাশিয়ার তৈরি করা প্রায় এক হাজার সাসাজিক যোগাযোগ মাধ্যম বট অ্যাকাউন্টও বন্ধ করে দেয় মার্কিন বিচার বিভাগ।
টিকটক নিজেই মার্কিন যুক্তরাষ্ট্রে নড়বড়ে অবস্থানে রয়েছে। নতুন পাশ করা মার্কিন আইনের আওতায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে। এজন্য কোম্পানিটিকে ২৭০ দিন বা ৯ মাস সময়ও বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র।
