২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেসএক্সের ওপর যেভাবে নির্ভরশীল হয়ে উঠল মার্কিন মহাকাশ শিল্প

“মহাকাশের পরিবেশটাই বদলে দিয়েছে স্পেসএক্স। মহাকাশে যাত্রার খরচ কমে যাওয়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা এখন বাস্তবে পরিণত হচ্ছে।”

স্পেসএক্সের ওপর যেভাবে নির্ভরশীল হয়ে উঠল মার্কিন মহাকাশ শিল্প
আজকের দিনে উৎক্ষেপণ থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত মহাকাশ বাজারের এক বিরাট অংশজুড়ে আধিপত্য রয়েছে স্পেসএক্সের। ছবি: স্পেসএক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 01:09 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

স্পেসএক্সের বর্তমান মূল্য প্রায় ৪০ হাজার কোটি ডলার। যুক্তরাষ্ট্রের মহাকাশ কার্যক্রমের জন্য এখন অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কোম্পানিটি। তবে শুরুর গল্প এমন ছিল না। আজকের মতো এত প্রভাবশালী বা ক্ষমতাধর কোম্পানি ছিল না স্পেসএক্স।

২০০২ সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। পেপ্যাল বিক্রি করে তা থেকে উপার্জিত অর্থ ব্যয় করে নিজের সদ্য জন্ম নেওয়া নতুন কোম্পানির জন্য প্রথম রকেট ‘ফ্যালকন ১’ তৈরি করেছিলেন মাস্ক, যার লক্ষ্য ছিল ওই সময়কার প্রচলিত মহাকাশযান উৎক্ষেপণকারী বিভিন্ন সরবরাহকারীর সঙ্গে প্রতিযোগিতা করা।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক উপপ্রশাসক লরি গার্ভার বলেছেন, “ওই সময় আসলে অনেক স্টার্টআপই মহাকাশ বাজারটির দখল নিতে চাইছিল। তারা বুঝতে পেরেছিল, এখানে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স বা ইউএলএ নামে একচেটিয়া একটি কোম্পানি রয়েছে, যেটি বোয়িং ও লকহিডের রকেট উৎক্ষেপণ সক্ষমতাকে একসঙ্গে করে গঠিত হয়েছিল এবং তারা সরকারের কাছ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য শত শত লাখ ডলার পাচ্ছে।”

২০০৩ সালে নিজের তৈরি ‘ফ্যালকন ১’ রকেটটি ওয়াশিংটনের রাস্তায় প্রদর্শন করেন মাস্ক, যাতে সরকারের বিভিন্ন সংস্থার নজরে আসা যায় এবং তাদের দেওয়া কোটি কোটি ডলারের চুক্তি পাওয়ারও সৌভাগ্য মেলে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। 

মাস্কের এ কৌশল কাজে আসে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ডিএআরপিএ’ এবং ‘ইউএস এয়ার ফোর্স’ থেকে প্রায় কোটি ডলারের তহবিল পায় স্পেসএক্স, যা তাদের রকেটের বিকাশে সাহায্য করেছে।

সরকারি সহায়তা পেলেও শুরুতে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে স্পেসএক্সকে। কোম্পানিটির প্রথম তিনটি ‘ফ্যালকন ১’ রকেট উৎক্ষেপণই ব্যর্থ হয়েছে, একটিও কক্ষপথে পৌঁছাতে পারেনি।

মহাকাশ গবেষণাভিত্তিক কোম্পানি ‘কুইল্টি স্পেস’-এর সভাপতি ও সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস কুইল্টি বলেছেন, “স্পেসএক্স যখন দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে তখন নাসা, বিশেষ করে সংস্থাটির প্রথম বাণিজ্যিক কার্গো চুক্তিই কোম্পানিটিকে বাঁচিয়ে দিয়েছিল।” 

২০০৮ সালে ফ্যালকন ১-এর প্রথম সফল উৎক্ষেপণের কেবল কয়েক মাস পর স্পেসএক্সকে ‘কমার্শিয়াল রিসাপ্লাই সার্ভিস’ বা সিআরএস নামের এক একশ ৬০ কোটি ডলারের চুক্তি দিয়েছিল নাসা। এ চুক্তির মাধ্যমে স্পেসএক্সকে নতুন রকেট ‘ফ্যালকন ৯’ এবং ‘ড্রাগন ক্যাপসুল’ ব্যবহার করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে ১২টি মিশনে কার্গো ও টুল পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিল নাসা।

এরপর ২০১৪ সালে নাসা আবারও দুইশো ৬০ কোটি ডলারের আরেকটি চুক্তি দেয় স্পেসএক্সকে। যাতে নভোচারীদের আইএসএসে আনা-নেওয়ার জন্য মহাকাশযান তৈরি ও তা পরিচালনা করতে পারে কোম্পানিটি।

প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও যুদ্ধকালে মার্কিন বিভিন্ন মিত্র দেশকে ইন্টারনেট সংযোগের সুবিধা দিতেও অপরিহার্য হয়ে উঠেছে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট। ছবি: নাসা

প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও যুদ্ধকালে মার্কিন বিভিন্ন মিত্র দেশকে ইন্টারনেট সংযোগের সুবিধা দিতেও অপরিহার্য হয়ে উঠেছে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট

আজকের দিনে উৎক্ষেপণ থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত মহাকাশ বাজারের এক বিরাট অংশজুড়ে আধিপত্য রয়েছে স্পেসএক্সের।

বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কোম্পানি ‘ব্রাইসটেক’-এর তথ্য অনুসারে, ২০২৪ সালে কক্ষপথে পাঠানোর জন্য রেকর্ড সংখ্যক একশ ৩৪টি উৎক্ষেপণ পরিচালনা করেছে স্পেসএক্স, যা দ্বিতীয় অবস্থানে থাকা ‘চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন’ বা সিএএসসি’র চেয়ে দ্বিগুণেরও বেশি।

গত বছর উৎক্ষেপণ করা সব ধরনের মহাকাশযানের ৮৩ শতাংশই ছিল স্পেসএক্সের এই একশ ৩৪টি উৎক্ষেপণ। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের জুলাইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে, স্পেসএক্সের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৪০ হাজার কোটি ডলারে।

স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ও ফ্যালকন ৯ রকেট হচ্ছে নাসার প্রধান বাহন যার মাধ্যমে নভোচারী ও সরবরাহ সামগ্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠায় সংস্থাটি।

এদিকে, প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়া ও যুদ্ধকালে বিভিন্ন মার্কিন মিত্র দেশকে ইন্টারনেট সংযোগের সুবিধা দিতেও অপরিহার্য হয়ে উঠেছে স্পেসএক্সের স্যাটেলাইট স্টারলিংক।

বর্তমানে পরীক্ষামূলক অবস্থায় থাকলেও আমেরিকাকে আবার চাঁদে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোম্পানিটির স্টারশিপ রকেট। এ ছাড়া, একশ ৮০ কোটি ডলারের এক চুক্তির অংশ হিসেবে মার্কিন সরকারের জন্য ‘স্টারশিল্ড’ নামের নজরদারি স্যাটেলাইট নেটওয়ার্কও নির্মাণ করছে স্পেসএক্স।

অ্যামাজন এবং ওয়ানওয়েব-এর মতো মার্কিন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কোম্পানিও তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহার করেছে স্পেসএক্সের রকেট।

গার্ভার বলেছেন, “মহাকাশের পরিবেশটাই বদলে দিয়েছে স্পেসএক্স। মহাকাশে যাত্রার খরচ কমে যাওয়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা এখন বাস্তবে পরিণত হচ্ছে। ফলে গোটা বিশ্বে একে অপরের সঙ্গে যুক্ত অনেক কোম্পানিই এখন মহাকাশে পৌঁছাতে পারছে।”