১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যান্ড্রয়েড অটোর ‘ডেভেলপার মেনু’ চালু করুন কয়েক সেকেন্ডেই

ম্যাপ দেখা, গান শোনা বা মেসেজ আদান-প্রদানের মতো নিত্যদিনের বিভিন্ন কাজ বেশ ভালোভাবেই সামলায় অ্যান্ড্রয়েড অটো’র ভেতরে লুকানো ডেভেলপার মেনু’র এসব ফিচার।

অ্যান্ড্রয়েড অটোর ‘ডেভেলপার মেনু’ চালু করুন কয়েক সেকেন্ডেই
অ্যান্ড্রয়েড অটোর এ লুকানো ডেভেলপার মেনুটি চালু করলে বেশ কিছু শক্তিশালী ফিচার ব্যবহারের সুবিধা পাওয়া যায়। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 02:08 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

গাড়ির স্ক্রিনে ফোনের প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে জনপ্রিয় অ্যাপ অ্যান্ড্রয়েড অটো’তে। বেশিরভাগ ব্যবহারকারী এর সাধারণ ফিচারগুলো জানলেও অ্যাপটির ভেতরেই লুকিয়ে রয়েছে ‘ডেভেলপার মেনু’। নাম শুনে জটিল মনে হলেও কেবল কয়েক সেকেন্ডের মধ্যেই তা চালু করে নেওয়া সম্ভব।

ম্যাপ দেখা, গান শোনা বা মেসেজ আদান-প্রদানের মতো নিত্যদিনের বিভিন্ন কাজ বেশ ভালোভাবেই সামলায় এই ফিচার। অ্যান্ড্রয়েড অটোর এ লুকানো ডেভেলপার মেনুটি চালু করলে বেশ কিছু শক্তিশালী ফিচার ব্যবহারের সুবিধা পাওয়া যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এর মধ্যে অন্যতম ‘ওয়্যারলেস টগল’ ও ‘আননৌন সোর্সেস’ অপশন। এ ফিচারটির মাধ্যমে গুগল প্লে-স্টোরের বাইরে থেকেও অন্যান্য অ্যাপ সরাসরি গাড়ির ডিসপ্লেতে চালানো সম্ভব।

যেভাবে খুঁজে পাবেন এই মেনু?

অ্যান্ড্রয়েড অটোর লুকিয়ে থাকা এ সেটিং চালু করা একদমই সহজ, যেখানে এক মিনিটেরও কম সময় লাগে। পদ্ধতিটি হল– 

●    প্রথমে ফোনের সেটিংস-এ গিয়ে ‘অ্যান্ড্রয়েড অটো’ লিখে সার্চ করুন বা সেটিং থেকে ‘কানেকটেড ডিভাইসেস’ থেকে ‘অ্যান্ড্রয়েড অটো’তে যান।

●    এরপর পেইজের একবারে নিচের দিকে চলে যান।

●    সেখানে থাকা ‘ভার্সন অ্যান্ড পারমিশন ইনফো’ অপশনটির ওপর পরপর দ্রুত ১০ বার ট্যাপ করুন।

●    ডেভেলপার সেটিংস চালু করতে চান কি না– ফোন থেকে এমন বার্তা এলে সেখানে সম্মতি দিন।

●    এবার অ্যান্ড্রয়েড অটো মেনুর একবারে ওপরে ফিরে যান ও ডানদিকের কোণায় থাকা থ্রি-ডট মেনুতে ট্যাপ করুন।

●    সেখান থেকে ‘ডেভেলপার সেটিংস’ সিলেক্ট করলেই ঢুকে পড়বেন কাঙ্ক্ষিত মেনুতে।

ফোনের ব্র্যান্ড বা মডেলভেদে সেটিংসের এসব নাম সামান্য আলাদা হতে পারে।

‘ডেভেলপার মেনু’তে যেসব লুকানো সেটিং রয়েছে

অ্যান্ড্রয়েড অটোর গোপন ডেভেলপার মেনু চালুর পর সেখানে বেশ কিছু দরকারি অপশন চোখে পড়বে। যার মধ্যে কোন কোন সেটিং পরিবর্তন করা উচিত ও কোনগুলো এড়িয়ে যাওয়া ভালো তা হচ্ছে–

১. ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো টগল

এ অপশনটি কেবল ছাড়া অ্যান্ড্রয়েড অটো চালানো বা ওয়্যারলেস অ্যাডাপ্টারের সঙ্গে সংযোগ নিয়ন্ত্রণ করে। সাধারণত অপশনটিতে টিকচিহ্ন দেওয়াই থাকে, তবে না থাকলে ম্যানুয়ালি চালু করা যায়।

ওয়্যারলেস সংযোগে কোনো ঝামেলা হলে তা একবার বন্ধ করে আবার চালু করলে অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়।

২. আননৌন সোর্সেস

ডেভেলপার সেটিংসের সবচেয়ে কাজের ফিচার এটি। সাধারণ অ্যান্ড্রয়েড ফোনের মতো এখানেও চালু করলে প্লে-স্টোরের বাইরে থেকে নামানো অ্যাপ গাড়ির ডিসপ্লেতে ব্যবহার করা যায়।

এর মধ্যে, ‘কারস্ট্রিম’ বা ‘ফারমাটা অটো’র মতো অ্যাপ দিয়ে গাড়ির স্ক্রিনে ইউটিউব চালানো সম্ভব। নিরাপত্তা বা নিরাপত্তার খাতিরে গুগল এগুলো সরাসরি ব্যবহারের সুযোগ দেয় না। তবে পার্কিংয়ে বসে থাকার সময় বা অলস সময় কাটানোর জন্য অনেকেই ফিচারটি ব্যবহার করতে পারেন।

৩. ফোর্স ভিডিও রেজুলিউশন

গাড়ির ইনফোটেইনমেন্ট স্ক্রিনের সঙ্গে ফোন কানেক্ট হলে এটি স্বয়ংক্রিয়ভাবে একটি রেজুলিউশন নির্ধারণ করে নেয়। অনেক সময় ভালোমানের স্ক্রিন হওয়া সত্ত্বেও সিস্টেমের সীমাবদ্ধতার কারণে লেখা বা ম্যাপ কিছুটা ঝাপসা দেখায়। এই ফিচারটির মাধ্যমে রেজুলিউশন বাড়িয়ে আইকন, ম্যাপ এবং টেক্সট আরও স্পষ্ট বা শার্প (Sharp) করা সম্ভব।

যেসব ফিচার এড়িয়ে চলাই ভালো

‘সেইভ ভিডিও’, ‘সেইভ অডিও’ বা ‘মাইক্রোফোন ইনপুট’-এর মতো বিভিন্ন অপশন এড়িয়ে চলা উচিত। কারণ এগুলো চালু রাখলে ফোনের প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে, ফোন দ্রুত গরম হয়, ব্যাটারি ড্রেইন্ড হয় ও ফোনের ইন্টারনাল মেমোরি পূর্ণ হয়ে যায়।

কেবল সংক্ষিপ্ত সময়ের জন্য স্ক্রিন রেকর্ড করতে চাইলে ব্যবহারকারী এগুলো ব্যবহার করতে পারেন।

ডেভেলপার মেনু কি সত্যিই দরকারি?

ব্যবহারকারীদের জন্য ‘আননৌন সোর্স’ চালু এবং ‘ওয়্যারলেস টগল’ চেক করাই যথেষ্ট। ইউটিউব বা অন্যান্য স্ট্রিমিং অ্যাপ চালানো ঝুঁকিপূর্ণ হলেও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদনের জন্য এসব থার্ড-পার্টি অ্যাপ গুগল অটোর ঘাটতি বেশ ভালোভাবেই পূরণ করে।

এসব লুকানো সেটিংস হয়ত রাতারাতি অ্যান্ড্রয়েড অটোকে পুরোপুরি বদলে দেবে না। তবে ব্যবহারকারীকে এমন কিছু অতিরিক্ত নিয়ন্ত্রণ দেবে, যা গুগল সরাসরি প্রচার করে না।