১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শতবছর পর বলিভিয়ায় বন বিড়ালের নতুন প্রজাতি শনাক্ত

এখন পর্যন্ত এই প্রজাতির মাত্র একটি জীবিত বিড়ালেরই সন্ধান পাওয়া গেছে। তবে বিজ্ঞানীদের বিশ্বাস, প্রকৃতিতে এমন আরও বিড়াল রয়েছে।

শতবছর পর বলিভিয়ায় বন বিড়ালের নতুন প্রজাতি শনাক্ত

'টিগ্রিনো' নাম পাওয়া ১০ বছর বয়সি এই বিড়ালটি বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কারের পথ দেখিয়েছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 08:07 PM

Updated : 18 Sep 2026, 08:11 PM

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার ইয়ুঙ্গাস অরণ্যে খুঁজে পাওয়া ছোট আকারের একটি বন বিড়ালকে বিড়াল পরিবারের নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।

নতুন প্রজাতির নাম দেওয়া হয়েছে লেপার্ডাস টিলকায়ো (Leopardus tilcayo)। এর মধ্য দিয়ে এক শতাব্দীর বেশি সময় পর প্রথমবারের মতো নতুন কোনো বিড়াল প্রজাতির আনুষ্ঠানিক নামকরণ হল।

বিবিসি লিখেছে, ১ দশমিক ৪ কেজি ওজনের ১৮ ইঞ্চি দীর্ঘ বন বিড়ালটি পাওয়া গিয়েছিল ইয়ুঙ্গাস বনে। পাহাড়ি ওই অঞ্চল ঘন বন, মেঘে ঢাকা পরিবেশ এবং উচ্চ মাত্রার আর্দ্রতার জন্য পরিচিত।

বন বিড়ালটি রাখা হয়েছে বলিভিয়ার একটি বন্যপ্রাাণী পুনর্বাসনকেন্দ্রে। অন্য বন্য বিড়ালদের মতো গায়ে ছোপ ও ডোরাকাটা দাগ থাকায় প্রাণীটি এতদিন বিজ্ঞানীদের নজর এড়িয়ে গিয়েছিল।

তবে ডিএনএ গবেষণায় দেখা গেছে, বিড়ালটি সম্পূর্ণ আলাদা প্রজাতির। এর মধ্য দিয়ে প্রমাণ হল, বিশ্বের দুর্লভ স্তন্যপায়ী প্রাণীদের সম্পর্কে এখনও মানুষের অনেক কিছুই জানার বাকি।

বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কারের ফলে 'টাইগার ক্যাট' সংরক্ষণের বিষয়টি আরও বেশি গুরুত্ব পাবে। মধ্য ও দক্ষিণ আমেরিকায় এই ছোট বন বিড়ালগুলোর দেখা মেলে।

সিংহ, চিতা বা বাঘের মতো বড় প্রজাতির তুলনায় এরা মানুষের মনোযোগ পায় অনেক কম। কোস্টারিকা থেকে শুরু করে বলিভিয়া ও আর্জেন্টিনা পর্যন্ত এদের বিস্তৃতি। দেখতে প্রায় একই রকম হওয়ায় অনেক সময় বিশেষজ্ঞরাও এদের আলাদা করতে হিমশিম খান।

Image

ছবি: রয়টার্স

বলিভিয়ার লা পাজের ‘ইউনিভার্সিদাদ মায়র দে সান আন্দ্রেস’-এর গবেষক পাওলা নোগালেস-আস্কারুঞ্জ বলেন, “নতুন প্রজাতির বিড়ালের সন্ধান মেলা সত্যিই রোমাঞ্চকর। বিড়ালের এ প্রজাতিটির নাম ‘লেপার্ডাস টিলকায়ো’।

“অবাক করার মতো বিষয় হল, পৃথিবীতে এখনও নতুন প্রজাতি আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। আর এর জন্য আমাদের কোনো আগ্নেয়গিরি, দ্বীপ বা গভীর সমুদ্রে যাওয়ার প্রয়োজন নেই।”

এখন পর্যন্ত এই প্রজাতির মাত্র একটি জীবিত বিড়ালেরই সন্ধান পাওয়া গেছে। তবে বিজ্ঞানীদের বিশ্বাস, প্রকৃতিতে এমন আরও বিড়াল রয়েছে।

'টিগ্রিনো' নাম পাওয়া ১০ বছর বয়সি এই বিড়ালটি বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কারের পথ দেখিয়েছে।

বিজ্ঞানী নোগালেস-আস্কারুঞ্জ বলিভিয়ার ওই অভয়ারণ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সময় বিড়ালটির অস্বাভাবিক শারীরিক গঠন তার চোখে পড়ে।

স্থানীয় এক বাসিন্দা জঙ্গল থেকে বিড়ালটি উদ্ধার করেছিলেন। শুরুতে তিনি ভেবেছিলেন এটি সাধারণ কোনো পোষা বিড়ালের ছানা। কিন্তু বড় হওয়ার পর দেখা গেল, এর আচরণ গৃহপালিত বিড়ালের মতো নয়।

এর আগেও বলিভিয়ার ঘন জঙ্গলে ছোট আকারের বন বিড়াল দেখতে পাওয়ার কথা শুনেছিলেন ডা. নোগালেস-আস্কারুঞ্জ। তবে সেগুলোর বিষয়ে বিজ্ঞানীরা তখনও কোনো গবেষণা করেননি।

এ রহস্যের সমাধান করতে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকদের নিযে একটি দল গঠন করেন। জীবিত প্রাণী ও জাদুঘরে সংরক্ষিত নমুনা থেকে ডিএনএ ব্যবহার করে তারা এই প্রজাতির পারিবারিক ইতিহাস খুঁজতে শুরু করেন।

ব্রাজিলের ‘পন্টিফিক্যাল ক্যাথলিক ইউনিভার্সিটি অব রিও গ্রান্দে দো সুল’-এর জিনতত্ত্ববিদ এদুয়ার্দো আইজিরিক বলেন, এ ধরনের বিড়ালের সম্পর্কে খুব কম তথ্য বা ছবি সংরক্ষিত ছিল, জাদুঘরেও তেমন কোনো নমুনা ছিল না। কেউ সেভাবে খোঁজেনি বলেই এরা এতদিন চোখের আড়ালে থেকে গেছে।

বিজ্ঞান সাময়িকী 'কারেন্ট বায়োলজি'তে প্রকাশিত এই গবেষণায় আরও কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, পৃথিবীতে তিনটি নয়, বরং পাঁচ প্রজাতির টাইগার ক্যাট রয়েছে, যার মধ্যে বলিভিয়ার এই নতুন ‘লেপার্ডাস টিলকায়ো’ একটি।

অক্সফোর্ড ইউনিভার্সিটির ‘ওয়াইল্ডলাইফ কনজারভেশন রিসার্চ ইউনিট’ এর সহ-গবেষক ড. ক্যারোলিন সার্টর বলেন, প্রজাতিটি সংরক্ষণের জন্য এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোন প্রজাতি কোথায় বসবাস করে তা যদি জানা না থাকে, তাহলে সেগুলো রক্ষা করা অসম্ভব।

“এগুলো ঘরের পোষা বিড়ালের আকৃতির প্রাণী। মনে হতে পারে, আমরা এতদিনে এদের সবাইকে চিনে গেছি। তবে এ আবিষ্কার দেখিয়ে দিল, বিশ্বের কম-আলোচিত অঞ্চলগুলোতে এখনও কত বিশাল পরিমাণ জীববৈচিত্র্য লুকিয়ে রয়েছে।”

নতুন এই আবিষ্কার পুরো বিড়াল পরিবারের প্রজাতির সংখ্যা নিয়েও নতুন প্রশ্ন সামনে আনছে।

বুনো ও গৃহপালিত–সব ধরনের বিড়ালই ফেলিডি গোত্রের অন্তর্ভুক্ত। ছোট গৃহপালিত বিড়াল থেকে বিশাল বাঘ, সব জীবিত বিড়ালই এই পরিবারের সদস্য।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৪১টি প্রজাতি স্বীকৃত। নতুন প্রজাতি শনাক্ত হওয়া এবং টাইগার ক্যাটের আরও কয়েকটি স্বতন্ত্র প্রজাতির অস্তিত্বের প্রমাণ পাওয়ায় এই সংখ্যা ৪৪ বা তারও বেশি হতে পারে।