Published : 11 Aug 2026, 04:16 PM
নিউ ইয়র্ক সিটিতে পণ্য সরবরাহের ডেলিভারি ব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্যে আনা এক বিলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সিটির মেয়র জোহরান মামদানি।
‘ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট’ নামের নতুন এই বিলের ফলে অ্যামাজনের মতো বড় বিভিন্ন কোম্পানিকে চুক্তিভিত্তিক চালকদের বদলে স্থায়ী কর্মী নিয়োগ দিতে ও তাদের সার্বিক জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
নিউ ইয়র্ক সিটিতে পণ্য পৌঁছানোর শেষ ধাপ বা ‘লাস্ট-মাইল’ ডেলিভারি ব্যবস্থার এই নিয়মে বড় ধরনের পরিবর্তনের বিলটি কয়েক মাস আগে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে পেশ করা হয়েছিল।
বর্তমানে অ্যামাজনের মতো বড় অংকের পণ্য পরিপরিবহনকারী কোম্পানিগুলো গ্রাহকের দোরগোড়ায় পার্সেল পৌঁছে দেওয়ার শেষ ধাপের কাজের জন্য স্থায়ী কর্মীদের পরিবর্তে চুক্তভিত্তিক কর্মীদের ওপর নির্ভর করে।
প্রস্তাবিত নতুন বিলটি পাস হলে এই লাস্ট-মাইল ডেলিভারি পরিচালনার ক্ষেত্রে নতুন লাইসেন্সিং নিয়ম কার্যকর হবে।
পাশাপাশি, পণ্য পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত কর্মীদের চুক্তিভিত্তিক হিসেবে না রেখে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক হবে।
বিলটির প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে মঙ্গলবার এক ভিডিও বার্তায় মেয়র মামদানি বলেছেন, “শহরে কীভাবে ও কখন পণ্য ডেলিভারি হবে তার প্রায় সব কলকাঠিই নাড়ে অ্যামাজন। তবে ডেলিভারির সময় কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে চালক বা কুরিয়ার কর্মীরা চুক্তিভিত্তিক হওয়ায় সম্পূর্ণ দায় এড়িয়ে যায় তারা।”
বিলটির সমর্থক ও ‘আন্তর্জাতিক ব্রাদারহুড অফ টিমস্টার্স’ নামের কর্মী সংগঠনগুলো বলছে, এই নতুন আইন কার্যকর হলে পণ্য সরবরাহের পুরো প্রক্রিয়ায় বড় বড় কোম্পানিকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।
পাশাপাশি পণ্য পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত কর্মী বা পেশাজীবীদের জন্য উন্নত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে।
অন্যদিকে, প্রত্যাশিতভাবেই এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করছে অ্যামাজনসহ অন্যান্য পক্ষ।
তাদের দাবি, নতুন এ আইনি বাধ্যবাধকতার ফলে পণ্য ডেলিভারিতে বাড়তি খরচ যোগ হবে এবং গ্রাহকদের কাছে পার্সেল পৌঁছাতে আগের চেয়ে বেশি সময় লাগবে।
কড়া নীতিমালার ঝামেলা এড়াতে বড় বড় এসব পণ্য পরিবহনকারী কোম্পানি নিউ ইয়র্ক সিটি থেকে তাদের মূল বিতরণ কেন্দ্র বা ‘ডিস্ট্রিবিউশন সেন্টার’ বাইরে সরিয়ে নিতে পারে বলেও সতর্ক করেছে তারা।