চুপিসারেই মাইক্রোড্রামা অ্যাপ ‘পাইনড্রামা’ আনল টিকটক
পাইনড্রামা’তে থ্রিলার, রোমান্স ও পারিবারিক গল্পসহ বিভিন্ন ধরনের নাটকের পাশাপাশি এতে ‘ফেভারিটস’ বিভাগও রয়েছে, যেখানে পছন্দের নাটক সেইভ করা যাবে।
চুপিসারেই নতুন এক শর্ট ড্রামা বা ছোট নাটকের অ্যাপ চালু করেছে টিকটক। এর মাধ্যমে অ্যাপটিতে ছোট আকারের নাটক বা মাইক্রোড্রামা দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
এসব ড্রামা মূলত ছোট ছোট টিভি শো-এর মতো, যার প্রতিটি পর্ব কেবল এক মিনিটের মতো হয়ে থাকে।
‘পাইনড্রামা’ নামের এ অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের জন্য বর্তমানে অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে এবং এতে কোনো বিজ্ঞাপনও নেই। তবে ভবিষ্যতে এ সুবিধায় পরিবর্তন আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
এ খবর প্রথম প্রকাশ করে আমেরিকান সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
এ অ্যাপের ‘ডিসকভার’ ট্যাবের মাধ্যমে পছন্দমতো নাটক খুঁজে নিতে পারবেন ব্যবহারকারী। এখানে সব নাটক একসঙ্গে দেখা যাবে, যেখানে বর্তমানে জনপ্রিয় বা ট্রেন্ডিংয়ে থাকা বিভিন্ন নাটক আলাদাভাবে বাছাই করা যাবে।
বাছাইয়ের পাশাপাশি, ব্যবহারকারীর রুচি অনুসারে অ্যাপটি নিজে থেকেই একের পর এক ভিডিওর পরামর্শ দেবে।
‘পাইনড্রামা’তে থ্রিলার, রোমান্স ও পারিবারিক গল্পসহ বিভিন্ন ধরনের নাটক রয়েছে। বর্তমানে জনপ্রিয় কিছু নাটক হচ্ছে ‘লাভ অ্যাট ফার্স্ট বাইট’ ও ‘অফিসার ফেল ফর মি’।
অ্যাপটিতে ‘ওয়াচ হিস্ট্রি’ বিভাগের মাধ্যমে ব্যবহারকারী আগে যেসব নাটক দেখছিলেন সেগুলো আবার সহজেই দেখা শুরু করতে পারবেন। এতে ‘ফেভারিটস’ বিভাগও রয়েছে, যেখানে নিজেদের সবচেয়ে পছন্দের বিভিন্ন নাটক সেইভ বা জমা করে রাখতে পারবেন ব্যবহারকারী।
কমেন্ট সেকশনে গিয়ে অন্যান্য দর্শকের সঙ্গে নিজের মতামত শেয়ার করা যাবে। পাশাপাশি ‘ফুল-স্ক্রিন’ মোডে ভিডিও দেখার সুযোগ রয়েছে, যা স্ক্রিন থেকে লেখার ক্যাপশন ও পাশের বিভিন্ন বার সরিয়ে দেবে, ফলে ব্যবহারকারীদের নাটক দেখার অভিজ্ঞতা ভালো হবে।
গেল বছরের শেষ দিকে নিজেদের মূল অ্যাপে ‘টিকটক মিনিস’ নামে নতুন এক বিভাগ চালু করেছিল কোম্পানিটি, যেখানে এ ধরনের ছোট নাটক বা মাইক্রোড্রামা দেখতে পারেন ব্যবহারকারীরা। এবার নতুন এ পদক্ষেপ নিল টিকটক।
‘পাইনড্রামা’ চালুর মাধ্যমে সরাসরি ‘রিলশর্ট’ ও ‘ড্রামাবক্স’-এর মতো জনপ্রিয় বিভিন্ন মাইক্রোড্রামা প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় জড়াল টিকটক।
কয়েক বছর আগেও মাইক্রোড্রামা ইন্ডাস্ট্রি খুব পরিচিত ছিল না। তবে ভ্যারাইটি-এর রিপোর্ট অনুসারে, ২০৩০ সালের মধ্যে এই খাতের বার্ষিক আয় ২ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছানোর দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।
বড় ধরনের বিনিয়োগের পরও ছোট দৈর্ঘ্যের গল্প বলার বিভিন্ন প্ল্যাটফর্ম সব সময় সফল হয়নি, যার বড় উদাহরণ ২০২০ সালে চালু হওয়া প্ল্যাটফর্ম ‘কুইবি’।
ড্রিমওয়ার্কস-এর সহ-প্রতিষ্ঠাতা ও ডিজনির সাবেক নির্বাহী জেফরি কাটজেনবার্গ ১৭৫ কোটি ডলারের বিশাল তহবিল নিয়ে ‘কুইবি’ শুরু করেছিলেন। এখানে হলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ১০ মিনিটের কম সময়ের ভিডিও বা এপিসোড দেখা যেত।
এত আয়োজনের পরও প্ল্যাটফর্মটি দর্শকদের আকৃষ্ট করতে পারেনি ও কেবল ছয় মাস পরেই তা বন্ধ করে দিতে হয়েছে।
