২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা দুর্বলতায় ৪ কোটি ভোটারের তথ্য ‘বেহাত’ যুক্তরাজ্যে

“সবচেয়ে সাম্প্রতিক নিরাপত্তা আপডেট ঠিকভাবে ইনস্টল না করায় তাদের সিস্টেম উন্মুক্ত হয়ে যায়। ফলে, এতে প্রবেশের সুযোগ পেয়ে যায় হ্যাকাররা।”

নিরাপত্তা দুর্বলতায় ৪ কোটি ভোটারের তথ্য ‘বেহাত’ যুক্তরাজ্যে
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 04:31 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

পাসওয়ার্ড ও সফটওয়্যার আপডেট না করায় যুক্তরাজ্যের কোটি কোটি ভোটারের ব্যক্তিগত তথ্যে প্রবেশের ‘সুযোগ পেয়েছে’ হ্যাকাররা, সম্প্রতি এমনই তথ্য পেয়েছে যুক্তরাজ্যের এক ডেটা প্রাইভেসি নিয়ন্ত্রক সংস্থা।

এ নিরাপত্তা ত্রুটির জন্য যুক্তরাজ্যের নির্বাচন তদারকী সংস্থা ‘ইলেক্টোরাল কমিশন’কে নিন্দা জানিয়েছে দেশটির ‘ইনফরমেশন কমিশনার অফিস (আইসিও)’।

নির্বাচনী রেজিস্টার সংরক্ষিত ছিল এমন সব কম্পিউটারে ২০২১ সালের অগাস্টে সাইবার আক্রমণকারীরা প্রবেশের সুযোগ পেয়েছিল। এসব কম্পিউটারে লাখ লাখ ভোটারের বিস্তারিত এমনসব তথ্য ছিল, যা কখনও জনসমক্ষে প্রকাশ পায়নি।

এদিকে, সাইবার হামলার ঝুঁকি ঠেকানোর মতো পর্যাপ্ত সুরক্ষা না রাখার বিষয়টি নিয়েও দুঃখ প্রকাশ করেছে কমিশন।

“আইসিও যেমনটি উল্লেখ করেছে, এ সাইবার আক্রমণের পর থেকে আমরা নিজস্ব বিভিন্ন সিস্টেমের সুরক্ষা ও স্থিতিস্থাপকতা জোরদার করার পদ্ধতিতে পরিবর্তন এনেছি। আর এটি নিয়ে কাজ চালিয়ে যাব আমরা,” এক বিবৃতিতে বলেছে কমিশন।

এ তদন্তে অবশ্য ব্যক্তিগত ডেটা অপব্যবহার বা সাইবার আক্রমণের কারণে ভোটারদের সরাসরি ক্ষতি হওয়ার কোনো প্রমাণ মেলেনি।

আইসিও বলেছে, এক বছরের বেশি সময় ধরে ইলেক্টোরাল কমিশনের সিস্টেমে প্রবেশের সুযোগ পেয়েছে হ্যাকাররা।

সংস্থাটির এক কর্মী কমিশনের নিজস্ব সার্ভার থেকে স্প্যাম ইমেইল পাঠানোর বিষয়ে অভিযোগ জানানোর পরপরই এ বিষয়টি নজরে আসে।

বিবিসি বলছে, পরবর্তীতে ২০২২ সালে হ্যাকারদেরকে ‘বুট আউট’ করা হয়।

কমিশনের ওপর হামলার পেছনে আনুষ্ঠানিকভাবে চীনকে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য সরকার। তবে, তাদের এই দাবিকে ‘নোংরা অপবাদ’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটিতে চীনা দূতাবাস।

‘প্রাথমিক পদক্ষেপ’

আইসিও’র তদন্তে উঠে আসে, নিজেদের কাছে থাকা ভোটারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার মতো যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না কমিশনের কাছে।

এ সাইবার আক্রমণ চালাতে হ্যাকাররা বৈধ ইউজার অ্যাকাউন্টের ছদ্মবেশ ধারণ করেছে ও কমিশনের ব্যবহার করা বেশ কিছু পরিচিত নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়েছে।

কিন্তু এইসব নিরাপত্তা ত্রুটি ঠেকানোর মতো সফটওয়্যার আপডেট আক্রমণের কয়েক মাস আগেই চালু হয়েছিল। তবে, কমিশন তা প্রয়োগে ব্যর্থ হয়েছে বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।

এমনকি কর্মীরা নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করছেন, সেটি নিশ্চিত করার মতো ‘জুতসই’ নীতিও ছিল না কমিশনের কাছে।

তদন্তকারীরা খুঁজে পেয়েছেন, ১৭৮টি সক্রিয় ইমেইল অ্যাকাউন্টের মালিক এখনও সেই একই বা একই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেছেন যা অ্যাকাউন্ট তৈরি অথবা রিসেট করার সময় সেটআপ করেছিল সংস্থাটির আইটি সেবা ডেস্ক।

আইসিও’র ডেপুটি কমিশনার স্টিফেন বনার বলেছেন, নিজস্ব সিস্টেম সুরক্ষিত রাখতে কিছু ‘প্রাথমিক পদক্ষেপ’ নিয়েছে কমিশন, যেখানে ডেটা বেহাত হওয়ার ঝুঁকিও কম।

“সবচেয়ে সাম্প্রতিক নিরাপত্তা আপডেট ঠিকভাবে ইনস্টল না করায় তাদের সিস্টেম উন্মুক্ত হয়ে যায়। ফলে, এতে প্রবেশের সুযোগ পেয়ে যায় হ্যাকাররা।”