২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেলিভারির পণ্য নিয়ে অ্যামাজনের ড্রোন গিয়ে পড়ল বাগানে

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডেলিভারি দেওয়ার মুহূর্তে চলন্ত এক গাড়ির ছাদের ওপরে থাকা উঁচু কোনো বস্তুর সঙ্গে ড্রোনটির ধাক্কা লেগেছে।

ডেলিভারির পণ্য নিয়ে অ্যামাজনের ড্রোন গিয়ে পড়ল বাগানে
যুক্তরাষ্ট্রের বাইরে ডার্লিংটনই একমাত্র জায়গা যেখানে অ্যামাজন বাণিজ্যিকভাবে এই ড্রোন ডেলিভারি সেবা পরীক্ষা করে দেখছে। ছবি: অ্যামাজন

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 11:34 AM

Updated : 19 Sep 2026, 02:31 PM

স্বয়ংক্রিয় ড্রোন প্রযুক্তির বিকাশ যত দ্রুত ঘটছে বাস্তব জীবনের চ্যালেঞ্জও এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। সম্প্রতি যুক্তরাজ্যে এমনই এক ঘটনা ঘটেছে।

বিবিসি লিখেছে, যুক্তরাজ্যের ডার্লিংটনে পণ্য পৌঁছে দেওয়ার সময় অ্যামাজনের একটি ড্রোন হঠাৎ করে এক আবাসিক এলাকার বাগানে গিয়ে পড়েছে।

বুধবারের এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে ই-কমার্স জায়ান্টটি।

কোম্পানিটির একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডেলিভারি দেওয়ার মুহূর্তে চলন্ত এক গাড়ির ছাদের ওপরে থাকা উঁচু কোনো বস্তুর সঙ্গে ‘প্রাইম এয়ার’ নামের ড্রোনটির অনিচ্ছাকৃত ধাক্কা লাগে।

ঘটনার পরই ড্রোনটি সুরক্ষাকবচের অংশ হিসেবে এর নকশা অনুসারে সাড়া দিয়ে নিরাপদে মাটিতে নেমে আসে বলে জানান ওই মুখপাত্র।

“আমরা ঘটনাটির বিস্তারিত তদন্ত এবং এ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।”

এরইমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের ‘এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ’ বা এএআইবি।

যুক্তরাষ্ট্রের বাইরে ডার্লিংটনই একমাত্র জায়গা যেখানে অ্যামাজন বাণিজ্যিকভাবে এই ড্রোননির্ভর ডেলিভারি সেবা পরীক্ষা করে দেখছে। পরীক্ষামূলক এ সেবাটি চালু হয়েছে এ বছরের শুরুতে।

যুক্তরাজ্যের ‘সিভিল এভিয়েশন অথরিটি’র অনুমোদনে পরিচালিত এ পরীক্ষার আওতায় অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টারের সাড়ে ১২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রায় ২ দশমিক ২ কেজি বা তার চেয়ে কম ওজনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন প্রসাধনসামগ্রী, কেবল ও ময়লার ব্যাগ ড্রোনের মাধ্যমে পৌঁছে দিচ্ছিল।

এ বছরের শেষ পর্যন্ত এ পরীক্ষা চলার কথা রয়েছে।