নতুন বিদ্যুচ্চালিত গাড়ি দেখালো সনি-হন্ডা জোট
গাড়িটিতে ফোর্টনাইট গেইমের নির্মাতা এপিক গেইমসের ৩ডি ক্রিয়েশন টুল ‘আনরিয়েল ইঞ্জিন’ও ব্যবহৃত হতে পারে।
‘আফিলা’ নামে নতুন এক শ্রেণির বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণে একজোট হয়েছে জাপানের শীর্ষস্থানীয় দুই ব্র্যান্ড সনি ও হন্ডা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক আয়োজনে এরইমধ্যে এর একটি প্রোটোটাইপ দেখিয়েছে সনি।
সনি বলছে, এটি যেন পরবর্তী প্রজন্মের গাড়ির খাতে ‘বড় প্রতিদ্বন্দ্বী’ হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যে তারা নিজেদের বিনোদনমূলক কনটেন্টের বিশাল সংগ্রহ এতে কাজে লাগাবে।
গেল বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘সিইএস ২০২৩’ প্রযুক্তি মেলায় আফিলা’র ঝলক দেখিয়েছে সনি। এই গাড়ির কোণগুলো গোলাকার ও এতে একটি কালো রঙের মসৃণ ছাদ আছে। আর এতে ব্যবহৃত হবে হার্ডওয়্যার নির্মাতা কোয়ালকমের প্রযুক্তি, যেখানে তাদের ‘স্ন্যাপড্রাগন’ নামের ডিজিটাল শ্যাশিও থাকবে।
বহুল প্রতীক্ষিত বিদ্যুচ্চালিত যানের লক্ষ্যে পৌঁছাতে মার্চে অটোমেকার হন্ডার সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দেয় সনি। এর থেকে ইঙ্গিত মিলেছে, নির্মাতারা কীভাবে গাড়ির ‘ককপিট অভিজ্ঞতার’ ওপর নির্ভরযোগ্যতা বাড়াচ্ছে। আর এটি ‘গ্রাহক সেবা ভিত্তিক’ গাড়িতে কনটেন্ট বিক্রির সম্ভাবনাও বাড়িয়ে দেয়, বিশেষ করে ‘স্বয়ংক্রিয় উপায়ে গাড়ি চালানোর’ সক্ষমতা বৃদ্ধির বেলায়।
“বুদ্ধিবৃত্তিক গতিশীলতার বিষয়টি বুঝতে ক্রমাগত সফটওয়্যার আপডেট ও উচ্চ-মাত্রার কম্পিউটিং ব্যবস্থা থাকা জরুরী।” --আয়োজনে বলেন সনি হন্ডা মোবিলিটির প্রধান নির্বাহী ইয়াশুহিদে মিজুনো।
“সেই লক্ষ্যে, আমরা কোয়ালকমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।”
বুধবার কোয়ালকম একটি নতুন প্রসেসর উন্মোচন করে। এর নাম ‘স্ন্যাপড্রাগন রাইড ফ্লেক্স এসওসি’। এটি গাড়ির বিনোদন ব্যবস্থা’সহ এর সহায়ক ড্রাইভিং ব্যবস্থা ও ককপিটের বিভিন্ন কার্যকারিতা, দুটোকেই সামাল দিতে পারে।
এর আগে ভিন্ন ভিন্ন চিপের মাধ্যমে ওইসব কার্যকারিতা পরিচালিত হতো। আর এগুলোকে একসঙ্গে আনলে এটি খরচ কমাতে সহায়তা করবে। --রয়টার্সকে বলেন কোয়ালকমের এক নির্বাহী।
গাড়ির সেন্সরগুলোতে নিজেদের ঐতিহ্যগত বিভিন্ন সক্ষমতা কাজে লাগাতে চায় সনি। মিজুনো বলেন, আফিলাতে ৪০টির বেশি সেন্সর থাকবে।
গাড়িতে ফোর্টনাইট গেইমের নির্মাতা এপিক গেইমসের ৩ডি ক্রিয়েশন টুল ‘আনরিয়েল ইঞ্জিন’ও ব্যবহৃত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
হন্ডার বেলায়, সনির সঙ্গে এই যৌথ উদ্যোগ বিদ্যুচ্চালিত গাড়ির দিকে যাওয়ার গতি বাড়িয়ে দিতে পারে, যা এতদিন 'মন্থর ছিল। বিলাসবহুল গাড়ির বাজারে লাভের মুখ দেখতে অনেক বছর ধরেই সংগ্রাম করছে তাদের ‘আকুরা’ নামের ব্র্যান্ডটি।
২০২৬ সাল নাগাদ উত্তর আমেরিকায় নিজেদের প্রথম বিদ্যুচ্চালিত গাড়ির ব্র্যান্ড আনার লক্ষ্যে যৌথভাবে কাজ করছে সনি গ্রুপ ও হন্ডা মোটর।
এই ঘোষণার পর টোকিওতে সনির শেয়ারমূল্য এক দশমিক ছয় শতাংশ বাড়লেও হন্ডার বেলায় সেটি আগের মতোই আছে।
