Published : 25 Sep 2025, 09:38 PM
এবার ইনস্টাগ্রামের আদলে বিশ্বজুড়ে সকল টিনএজার ব্যবহারকারীর জন্য ফেইসবুক ও মেসেঞ্জারে বিশেষ ‘টিন অ্যাকাউন্ট’ চালু করল মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
কোম্পানিটি বলেছে, এ পরিবর্তনের মাধ্যমে টিন বয়সী ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’-এ পরিণত হবে। এসব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকবে মা-বাবার কাছে। সন্তান কাদেরকে টেক্সট পাঠাবে বা যোগাযোগ করবে তা-ও নিয়ন্ত্রণ করবেন তারা। টিন ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও।
প্রথমবারের মতো এ ফিচারটি গত শরতে ইনস্টাগ্রামে চালু করে মেটা, যেখানে পাঁচ কোটি ৪০ লাখ টিনএজার ব্যবহারকারী রয়েছে, যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
মেটা বলছে, এরইমধ্যে ‘লাখ লাখ টিনএজার’ ইনস্টাগ্রাম, ফেইসবুক ও মেসেঞ্জারে এ ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করছে।
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার টিনএজারদের জন্য ‘টিন অ্যাকাউন্ট’ চালু করে ফেইসবুক ও মেসেঞ্জারের মূল কোম্পানিটি। এখন মেটা ঘোষণা দিয়েছে, এসব বিশেষ অ্যাকাউন্ট গোটা বিশ্বের টিএনজারদের জন্য চালু করল তারা।
১৩ থেকে ১৫ বছর বয়সী টিনএজাররা এ অ্যাকাউন্ট বাধ্যতামূলকভাবে ব্যবহার করবে। কেউ বয়স নিয়ে মিথ্যা বলছে কি না তা ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করবে মেটা। এ অ্যাকাউন্টে সন্তানরা কতক্ষণ অ্যাপ ব্যবহার করছে তা দেখতে এবং কাদের সঙ্গে চ্যাটিং করছে সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন মা-বাবারা।
প্রাইভেসি ও নিরাপত্তার দিক থেকেও এসব অ্যাকাউন্ট বেশি কঠোর। কারণ টিন অ্যাকাউন্টে অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের সুযোগ কমিয়ে দিয়েছে মেটা। যাতে টিনএজাররা অনলাইনে নিরাপদ থাকে।
গত কয়েক বছর ধরে অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ বাড়াচ্ছে মেটা এবং নিজেদের নিরাপত্তা ব্যবস্থায় যেসব বড় বড় সমস্যা ছিল সেগুলো ঠিক করার চেষ্টাও করছে কোম্পানিটি।
তবে এখনও অনেক মামলা এবং তদন্তের মুখে পড়ছে মেটা। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, শিশুদের নিরাপত্তা ঠিকভাবে নিশ্চিত করতে পারেনি সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।