২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে কাজ করবে বিআইজিএফ ও আইসকবিডি

ইন্টারনেট গভর্নেন্স, ডিজিটাল উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দেশের দুই শীর্ষ সংগঠন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 06:10 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) এবং ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার (আইসকবিডি) ইন্টারনেট গভর্নেন্স, ডিজিটাল উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে।

এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি।

এ সমঝোতার আওতায় উভয় সংগঠন একাধিক বিষয়ে একসঙ্গে কাজ করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশে আইজিএফ কার্যক্রম বাস্তবায়ন, ডিজিটাল রূপান্তর, অন্তর্ভুক্তি, দায়বদ্ধতা এবং স্থায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল উন্নয়ন ও ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা, ইন্টারনেট বিভাজন রোধে ইন্টারনেট গভর্নেন্স নিশ্চিত করা, ডেটা সুরক্ষা, ডেটা শেয়ারিং এবং প্রাইভেসি সংক্রান্ত নীতিমালা শক্তিশালী করা, উদ্ভাবন, ওপেন ডেটা, বিগ ডেটা এবং জনসেবার জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রচার করা, ডিজিটাল ক্ষেত্রে মানবাধিকার সংরক্ষণ, বৈষম্য ও ভুল তথ্য ছড়ানো রোধে ডিজিটাল নিরাপত্তা উন্নত করা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল নিয়ন্ত্রণ নিশ্চিত করা, ডিজিটাল কমন্সকে বৈশ্বিক জনস্বার্থে রূপান্তর করা, ইউএন-এর ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) অ্যাকশন লাইন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিতে অবদান রাখা এবং এ সমঝোতার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে উভয় সংগঠনের পক্ষ থেকে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা।

এ সমঝোতায় বিআইজিএফ এর পক্ষে স্বাক্ষর করেন চেয়ারপারসন মোহাম্মদ আমিনুল হাকিম এবং আইসকবিডির পক্ষে সভাপতি ড. মো. নাদীর বিন আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইজিএফ এর ভাইস চেয়ারপারসন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, মহাসচিব মোহাম্মদ আব্দুল হক অনু ও আইসকবিডির সাধারণ সম্পাদক মো. বরকতুল আলম।