১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’ উন্মোচন করলেন মাস্ক

নতুন ফিচারের মাধ্যমে এক্স ব্যবহারকারীরা ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন, যেখানে এক্স অ্যাপের ভেতরেই ভিসা ডেবিট কার্ড সংরক্ষণ করে রাখা যাবে।

পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’ উন্মোচন করলেন মাস্ক
এক্স মানি’র মাধ্যমে এক্স অ্যাপের ভেতরেই নিজেদের ভিসা ডেবিট কার্ড সংরক্ষণ করে রাখা যাবে। ছবি: এক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 05:03 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’কে সার্বিক এভরিথিং অ্যাপে রূপান্তরের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে নতুন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালু হওয়া ‘এক্স মানি’ নামের এ সেবার মাধ্যমে ডিজিটাল ওয়ালেট, ‘পিয়ার-টু-পিয়ার’ বা গ্রাহক-থেকে-গ্রাহক অর্থ লেনদেন ও উচ্চ সুদের সুবিধাসহ ফিজিক্যাল মেটাল কার্ড পাবেন ব্যবহারকারীরা।

মঙ্গলবার মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বলেছে, এক্স মানি ব্যবহারকারীদের জন্য ডিজিটাল ওয়ালেট ও সরাসরি গ্রাহক-থেকে-গ্রাহক অর্থ লেনদেনের এই সুবিধায় অ্যাপল ওয়ালেট সমর্থন করবে।

কয়েক মাস ধরে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর মাধ্যমে পরীক্ষামূলক ধাপে রাখার পর, মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে এক্স-এর ‘প্রিমিয়াম’ ও ‘প্রিমিয়াম প্লাস’ গ্রাহকদের জন্য এটি আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।

নতুন এ ফিচারের মাধ্যমে এক্স ব্যবহারকারীরা ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন, যেখানে সরাসরি অন্য ব্যবহারকারীর সঙ্গে অর্থ লেনদেন করতে এবং এক্স অ্যাপের ভেতরেই নিজেদের ভিসা ডেবিট কার্ড সংরক্ষণ করে রাখতে পারবেন।

এক্স বলেছে, ‘এক্স মানি’ ব্যবহারকারীরা কোনো ধরনের অতিরিক্ত ফি বা লিমিট ছাড়াই এক্স প্ল্যাটফর্মের মধ্যে একে অপরকে অর্থ পাঠাতে, গ্রহণ করতে বা অর্থের জন্য অনুরোধ জানাতে পারবেন।

“ডিপোজিট অ্যাকাউন্টগুলো এফডিআইসি’র সদস্য ‘ক্রস রিভার ব্যাংক’-এ সংরক্ষিত থাকবে এবং তা আড়াই লাখ ডলার পর্যন্ত আমানত বিমার আওতাভুক্ত হবে।”

এক্স আরও বলেছে, যারা এ সেবায় সাইন-আপ করবেন তাদের একটি ‘ভার্চুয়াল কার্ড’ দেওয়া হবে, যা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে ‘অ্যাপল পে’তে যোগ করা সম্ভব।

এ ছাড়া কোম্পানিটির ভাষ্যমতে, এক্স কার্ড দিয়ে ‘নির্দিষ্ট কিছু কেনাকাটায়’ তিন শতাংশ ক্যাশব্যাক সুবিধাও মিলবে।

সামাজিক মাধ্যম ‘এক্স’ তাদের নতুন পেমেন্ট সেবা ‘এক্স মানি’র গ্রাহকদের জন্য একাধিক নতুন সুবিধার কথা ঘোষণা করে বলেছে, “নির্দিষ্ট শর্ত পূরণ করে ডিরেক্ট ডিপোজিট সুবিধা চালু করলে ‘প্রিমিয়াম প্লাস’ ও ‘প্রিমিয়াম’ ব্যবহারকারীরা বার্ষিক ৬ শতাংশ পর্যন্ত সুদের হার সুবিধা পাবেন।”

সুদের পাশাপাশি এক্স মানির গ্রাহকরা বিশেষ এক ফিজিক্যাল ‘মেটাল কার্ড’ নেওয়ার সুযোগ পাবেন। এ কার্ডে নিজেদের নাম কীভাবে মুদ্রিত হবে তা যেমন পছন্দ করা যাবে, তেমনই এক্স-এ উল্লেখ করা নামটি যোগ করবেন কি না সেই সিদ্ধান্তও গ্রাহক নিজে নিতে পারবেন।

এ সেবায় যোগ দেওয়ার মাধ্যমে নতুন ব্যবহারকারীরা ১৫ ডলারের ‘ওয়েলকাম ডিপোজিট’ বা স্বাগত বোনাস পেতে পারেন, সঙ্গে থাকবে সার্বক্ষণিক দ্রুত ও ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট সুবিধা।

নিরাপত্তার বিষয়ে ‘এক্স মানি’ তাদের এক্স অ্যাকাউন্টে বলেছে, “নিরাপদ ও দ্রুত যাচাইকরণের জন্য আপনার এক্স মানি অ্যাকাউন্টটি পাসকি দিয়ে সুরক্ষিত করা হয়েছে... প্রতিটি কার্ডের লেনদেন ভিসার উন্নত নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা সুবিধার আওতাভুক্ত।”

বর্তমানে সেবাটি যুক্তরাষ্ট্রের কেবল ১৮ বছরের ঊর্ধ্ব বয়সীদের জন্য উন্মুক্ত, যাদের একটি এক্স অ্যাকাউন্ট ও যাচাইকৃত মার্কিন ফোন নম্বর রয়েছে।

মাস্কের দীর্ঘদিনের লক্ষ্য, এক্স’কে চীনের ‘উইচ্যাট’ বা ‘আলিপে’র মতো ‘এভরিথিং অ্যাপে’ রূপান্তর করা। এ নতুন অর্থ লেনদেন সুবিধাটি সেই উদ্যোগেরই অংশ।

২০২৩ সালের এক কর্মী সভায় নিজের সেই ধারণার ব্যাখ্যা দিয়ে মাস্ক বলেছিলেন, “আমি যখন পেমেন্টের কথা বলি তখন মানুষের পুরো আর্থিক জীবনকে বোঝাই... যদি বিষয়টি অর্থের সঙ্গে সম্পর্কিত হয় তবে তা আমাদের প্ল্যাটফর্মেই থাকবে।”

এদিকে, মাস্কের এ আর্থিক পরিকল্পনা নিয়ে অতীতে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন সেনেটর এলিজাবেথ ওয়ারেন।

এ বছরের এপ্রিলে মাস্ককে লেখা এক চিঠিতে তিনি লেখেন, “এক্স পরিচালনার ক্ষেত্রে আপনার যে ট্র্যাক রেকর্ড তা দিয়ে যদি এক্স মানি চালানো হয় তবে ভোক্তা, আমাদের জাতীয় নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে।

“এক্স’কে নিরাপদ ও দায়িত্বশীলভাবে পরিচালনায় আপনার ব্যর্থতা ভোক্তা অর্থায়নে আপনার সফলভাবে পরিসর বাড়ানোর সক্ষমতার প্রতি আস্থা তৈরি করে না।”

এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এক্স।