২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে এই প্রথম রয়াল মেইলের ডাক গেল বিদ্যুচ্চালিত প্লেনে

স্কটল্যান্ডের বিভিন্ন রুটে পরিচালিত এসব বিশেষ ফ্লাইট ২০৪০ সালের মধ্যে পরিবেশে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রায় বড় মাইলফলক হতে পারে।

যুক্তরাজ্যে এই প্রথম রয়াল মেইলের ডাক গেল বিদ্যুচ্চালিত প্লেনে
উদ্যোগটি স্কটল্যান্ডের বিচ্ছিন্ন ও অনুন্নত অবকাঠামোর জনপদগুলোতে বসবাসকারী মানুষের জন্য সহায়ক হবে। ছবি: রয়াল মেইল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 10:45 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

যুক্তরাজ্যের দুর্গম ও গ্রামীণ এলাকাগুলোতে পরিবেশবান্ধব উপায়ে চিঠি ও পার্সেল পৌঁছে দিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বিদ্যুচ্চালিত প্লেন চালু করেছে রয়াল মেইল।

লোগানএয়ার ও মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বিইটিএ টেকনোলজিস’-এর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে রয়াল মেইল স্কটল্যান্ডের ডাক রুটগুলোতে বেশ কিছু বিদ্যুচ্চালিত প্লেন পরিচালনা করেছে।

এসব বিশেষ ফ্লাইট ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রায় বড় মাইলফলক হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

রয়াল মেইল কর্তৃপক্ষ বলেছে, বাস্তবধর্মী বিদ্যুচ্চালিত প্লেননির্ভর এই উদ্যোগ গ্রামীণ এলাকাগুলোর জন্য ‘গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ’।

শুক্রবার গ্লাসগো ও ডান্ডির মধ্যে এসব ফ্লাইট পরিচালিত হয়। এ ছাড়া অ্যাবারডিন, ইনভারনেস, উইক এবং ওর্কনি অঞ্চলেও আরও কিছু ফ্লাইটের পরিকল্পনা রয়েছে।

উদ্যোগটি স্কটল্যান্ডের বিচ্ছিন্ন জনপদগুলোতে বসবাসকারী মানুষের জন্য সহায়ক হবে।

রয়াল মেইলের ‘কৌশলগত দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবন’ ব্যবস্থাপক ক্রিস প্যাক্সটন বলেছেন, “যুক্তরাজ্যের সবচেয়ে দুর্গম এলাকাগুলোতে লোগানএয়ার ও বিইটিএ টেকনোলজিসের সঙ্গে এ উদ্যোগ নিয়ে আমরা গর্বিত।

“২০৪০ সালের মধ্যে আমাদের নেট জিরো বা কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পেতে সহায়তা করবে এ পদক্ষেপ। পাশাপাশি যুক্তরাজ্যের তিন কোটি ২০ লাখ ঠিকানায় আমাদের সেবা অব্যাহত রাখবে।”

‘আলিয়া সিটিওএল’ নামের এসব প্লেন সাধারণ রানওয়ে ব্যবহার করেই উড়তে ও নামতে পারে। এগুলো কেবল ২০ থেকে ৪০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায় এবং একনাগাড়ে সর্বোচ্চ ৬২২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।

এ ছাড়া এসব প্লেন একবারে সর্বোচ্চ ৫৬০ কেজি পর্যন্ত চিঠি ও পার্সেল বহন করতে পারে।

লোগানএয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা লুক ফারাজাল্লাহ বলেছেন, “ইউরোপীয় প্লেন চলাচলের ইতিহাসে, বিশেষ করে স্কটল্যান্ডের এয়ারলাইন লোগানএয়ার-এর জন্য এটি স্মরণীয় দিন। আমরা কোনো ধারণা বা প্রোটোটাইপ নিয়ে কথা বলছি না, আমাদের নেটওয়ার্কে ওড়ার এক বাস্তব কর্মসূচি এটি।

“এ পদক্ষেপ আমাদের বাস্তব বাণিজ্যিক পরিবেশে বিদ্যচ্চালিত উড়োজাহাজ কেমন পারফর্ম করতে পারে সে সম্পর্কে অমূল্য তথ্য দেবে।”

এ প্রদর্শনীর মূল লক্ষ্য, বিমানবন্দরের প্রচলিত রানওয়ে ব্যবহার করেই এ ধরনের বিদ্যুচ্চালিত ফ্লাইট পরিচালনা করা যে সম্ভব, তা দেখানো। এমনটি পুরোপুরি কার্যকর করা গেলে তা ২০৪০ সালের মধ্যে রয়াল মেইলের কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে বড় ভূমিকা রাখবে।

এ পরিকল্পনার অংশ হিসেবে সেবাটির বহরে আরও আট হাজার বিদ্যুচ্চালিত ভ্যান ও ড্রোন যোগ করার কাজ চলছে।

বিইটিএ টেকনোলজিস-এর বিক্রি ও সহায়তা বিভাগের প্রধান সায়মন নেউইট বলেছেন, “বিদ্যুচ্চালিত প্লেন চলাচলের জন্য স্কটল্যান্ডের ভৌগোলিক অবস্থান বিশ্বের অন্যতম সেরা জায়গা। এখানকার সংক্ষিপ্ত রুট, অবকাঠামো ও কয়েক প্রজন্ম ধরে প্লেন যোগাযোগের ওপর নির্ভরশীল জনপদগুলো এর জন্য আদর্শ।

“আমরা বিশ্বাস করি দুর্গম এলাকার যোগাযোগ রক্ষা করা ও তা পরিবেশবান্ধব উপায়ে করা এ দুটি বিষয়ের মধ্যে কোনো বিরোধ নেই।”

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি বলেছেন, “এ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবে, প্লেন চলাচলের কারণে হওয়া কার্বন নিঃসরণ কমাতে স্কটল্যান্ড এক নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে।”

“এটি স্কটল্যান্ডের হাইল্যান্ডস ও দ্বীপ অঞ্চলের জনপদগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।”