১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলাদা ‘স্পোর্ট অ্যাপে’ মনোযোগ অ্যামাজনের

অ্যাপটি চালু হলে, বর্তমানে অ্যামাজনের মূল প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও-তে থাকা খেলাধুলা ভিত্তিক বিভিন্ন কনটেন্ট আগের চেয়ে ভালোভাবে ফুটে উঠবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 06:43 PM

Updated : 29 Dec 2022, 06:42 PM

ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য ‘স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ’ তৈরি করছে প্রযুক্তি কোম্পানি অ্যামাজন। 

এই পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন খেলা ‘লাইভ’ দেখানোর কনটেন্ট ও ‘প্রাইম ভিডিও’-তে অ্যামাজনের বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত মিলছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম ‘দ্য ইনফর্মেশন’।

সম্প্রতি, অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসি লাইভ স্পোর্টসকে ‘এক ধরনের বিশেষ সম্পদ’ হিসেবে আখ্যা দিয়ে এতে বিনিয়োগ বাড়ানোর আশা প্রকাশ করার পরপরই প্রতিবেদনটি সামনে এলো।

অ্যাপটি চালু হলে, বর্তমানে অ্যামাজনের মূল প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও-তে থাকা খেলাধুলা ভিত্তিক বিভিন্ন কনটেন্ট আগের চেয়ে ভালোভাবে ফুটে উঠবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

অ্যামাজনের লাইভ স্পোর্টস সুবিধায় মার্কিন ফুটবল লিগ ‘এনএফএল’-এর বিশেষ স্বত্বাধিকারের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের কিছু সংখ্যক ফুটবল ম্যাচ ও নিউ ইয়র্ক ইয়াঙ্কি’র কয়েকটি বেইজবল গেইমও আছে।

সরাসরি খেলা দেখানোর পাশাপাশি অন্যান্য স্পোর্টস কন্টেন্টেও বিনিয়োগ করেছে অ্যামাজন। প্রাইম ভিডিও ও নিজস্ব বিজ্ঞাপন সমর্থিত স্ট্রিমিং সেবা ‘ফ্রিভি’, দুটো প্ল্যাটফর্মেই খেলাধুলা ভিত্তিক বিভিন্ন মৌলিক ‘টক শো’ চালু করেছে কোম্পানিটি।

সরাসরি খেলা দেখানো ভিত্তিক বিভিন্ন কনটেন্টে বিনিয়োগ করা একমাত্র শীর্ষস্থানীয় কোম্পানী অ্যামাজন, বিষয়টি এমন নয়।

গত সপ্তাহে, একটি যুগান্তকারী চুক্তির মাধ্যমে ‘এনএফএল সানডে টিকেট’ স্ট্রিমিং সেবার স্বত্ব সুরক্ষিত করেছে গুগলের ইউটিউব। এদিকে, ‘মেজর লিগ বেইজবল (এমএলবি)’ ও ‘মেজর লিগ সকার (এমএলএস)’-এর স্বত্বাধিকার পেয়েছে আরেক টেক জায়ান্ট অ্যাপল।