২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

স্ট্রিমিং প্ল্যাটফর্মের শীর্ষে ইউটিউব, রেকর্ড ৯৮০ কোটি ডলার আয়

কোম্পানিটির মোট আয় দাঁড়িয়েছে নয় হাজার ছয়শ ৪০ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বাড়ার দিকে ইঙ্গিত করে।

স্ট্রিমিং প্ল্যাটফর্মের শীর্ষে ইউটিউব, রেকর্ড ৯৮০ কোটি ডলার আয়
টেলিভিশন বিজ্ঞাপণের বড় একটি অংশ নিজেদের মুঠোয় আনার চেষ্টা করছে ইউটিউব। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 03:53 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে বাজারে শীর্ষ স্থান ধরে রেখেছে ইউটিউব। প্ল্যাটফর্মটির বিজ্ঞাপন থেকে আয় ১৩ শতাংশ বেড়েছে বলে ঘোষণা করেছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট।

বুধবার প্রকাশিত দ্বিতীয় ত্রৈমাসিক আয় প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবের বিজ্ঞাপন থেকে মোট আয় বেড়ে নয়শ ৮০ কোটি ডলার ছুঁয়েছে যেখানে গত বছর একই সময়ে তা ছিল আটশ ৭০ কোটি ডলার।

প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ লিখেছে, এ আয় বিশ্লেষকদের ধারণাকেও সামান্য ছাড়িয়ে গিয়েছে, কারণ, তাদের ধারণা ছিল, ইউটিউবের দ্বিতীয় প্রান্তিকের আয় নয়শ ৬০ কোটি ডলারের আশপাশে হতে পারে।

গত কয়েক বছর ধরে, ইউটিউব টেলিভিশন বিজ্ঞাপনের বড় একটি অংশ নিজেদের মুঠোয় আনার চেষ্টা করছে, বিশেষ করে যেহেতু টিভি প্ল্যাটফর্মে ইউটিউবের জনপ্রিয়তা অনেক বেড়েছে যা এর দর্শক সংখ্যার বড় একটি অংশ।

নিলসেনের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, টানা তিনমাস টিভি দেখার ক্ষেত্রে ইউটিউব সর্বোচ্চ স্থানে ছিল। যেখানে এটি মোট টিভি দেখার সময়ের ১২ দশমিক চার শতাংশ দখল করেছে।

ইউটিউবের এ সাফল্যের প্রতিক্রিয়ায়, এইচবিও ম্যাক্স, অ্যামাজন প্রাইম ভিডিওর মত প্রতিদ্বন্দ্বী স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো তাদের বিজ্ঞাপন কৌশল আরও শক্তিশালী করার দিকে নজর দিয়েছে। আয় বাড়ানোর জন্য বিজ্ঞাপনের জায়গা নিয়েও ভাবছে তারা।

এদিকে দিন যত যাচ্ছে নেটফ্লিক্স ইউটিউবের একটি অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। বিশেষত গত সপ্তাহে কোম্পানিটির আয় সংক্রান্ত এক কনফারেন্সের সময় যখন নেটফ্লিক্স বিজ্ঞাপন থেকে দ্বিগুণ আয়ের পরিকল্পনা ঘোষণা করে।  

নেটফ্লিক্স তাদের বিজ্ঞাপনের আয় বিষয়ক কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও প্রযুক্তি বিষয়ক পরামর্শক কোম্পানি ম্যাডিসন অ্যান্ড ওয়ালের একজন বিশ্লেষক অনুমান করেছেন কোম্পানিটি বিজ্ঞাপন থেকে প্রায় তিনশ কোটি ডলার আয় করে।

সামগ্রিকভাবে অ্যালফাবেট দ্বিতীয় প্রান্তিকে বেশ বড় সংখ্যার আয়ের ফলাফল প্রকাশ করেছে। কোম্পানিটির মোট আয় দাঁড়িয়েছে নয় হাজার ছয়শ ৪০ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বাড়ার দিকে ইঙ্গিত করে।