২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি ভারতের

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক অনিশ্চয়তার ফলে অ্যাপল তাদের উৎপাদন দ্রুত ভারতে সরিয়ে নিচ্ছে, যা ভারতের স্মার্টফোন রপ্তানিতে বড় উল্লম্ফনের প্রধান কারণ।

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি ভারতের
এই প্রথম যুক্তরাষ্ট্রে চীনের চেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি করেছে ভারত। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 02:09 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

উৎপাদন ২৪০ শতাংশ বেড়ে যাওয়ার ফলে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি করছে ভারত।

সিঙ্গাপুরভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস’-এর মতে, চীনের ওপর শুল্ক বা কর বাড়ার কারণে অনেক কোম্পানি এখন তাদের উৎপাদন ভারতে সরিয়ে নিচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রে এখন স্মার্টফোন রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ভারত।

ক্যানালিস বলেছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্মার্টফোনের মধ্যে ভারতের তৈরি ফোনের অংশ ছিল ৪৪ শতাংশ, যেখানে গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল কেবল ১৩ শতাংশ। এক বছরে ভারতের তৈরি স্মার্টফোনের মোট উৎপাদন বেড়েছে ২৪০ শতাংশ।

সোমবার প্রকাশিত ক্যানালিস-এর তথ্য বলছে, গত বছর যেখানে যুক্তরাষ্ট্রে চীন থেকে আনা স্মার্টফোনের হার ছিল ৬১ শতাংশ, সেখানে এ বছরের জুন শেষে তা কমে দাঁড়িয়েছে ২৫ শতাংশে। এখন ভিয়েতনামও চীনের চেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি করছে যুক্তরাষ্ট্রে, স্মার্টফোন রপ্তানিতে দেশটির অংশ ৩০ শতাংশ।

ক্যানালিসের প্রধান বিশ্লেষক সন্যম চৌরাসিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ার সময়ে অ্যাপল দ্রুত তাদের উৎপাদন ভারতে সরিয়ে নিচ্ছে, যা ভারতের স্মার্টফোন রপ্তানিতে বড় উল্লম্ফনের প্রধান কারণ। এই প্রথম যুক্তরাষ্ট্রে চীনের চেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি করেছে ভারত।

এ বছর যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারতে তৈরির পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করছে অ্যাপল। কোম্পানিটির লক্ষ্য, আগামী কয়েক বছরের মধ্যে মোট আইফোনের প্রায় এক চতুর্থাংশ ভারতে তৈরি বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এদিকে, অ্যাপল যদি যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি না করে তবে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং কোম্পানিটির সিইও টিম কুককে দেশটিতে আইফোন তৈরির আহ্বানও জানিয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রায় অসম্ভব। কারণ এতে করে আইফোনের দাম অনেক বেড়ে যাবে।

ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ থেকে অ্যাপলের অনেক পণ্য, যেমন আইফোন ও ম্যাক ল্যাপটপ ছাড় পেয়েছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এটি কেবল সাময়িক ছাড়।

ক্যানালিসের মতে, অ্যাপলের মতোই দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং ও মোটোরোলা ভারতে স্মার্টফোন তৈরি করতে চাইছে। তবে এসব কোম্পানির পরিবর্তন অনেক ধীর এবং পরিমাণেও অ্যাপলের তুলনায় অনেক কম।

পণ্য তৈরির শেষ ধাপের কাজটি ভারতে সরানো হচ্ছে 

চীনের ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাজিলিয়ান টেকনোলজি’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রেনল্ড আনজোরান বলেছেন, অনেক বড় কোম্পানি তাদের পণ্য তৈরির শেষ কাজটি ভারতে সরিয়ে নিচ্ছে। যাতে দক্ষিণ এশিয়ার এই দেশে বেশি উৎপাদন সক্ষমতা তৈরি করে যুক্তরাষ্ট্রের বাজারে তা সরবরাহ করা যায়।

বর্তমানে ভারতে একটি কারখানা সংস্কার ও কিছু উৎপাদন কাজের পরিকল্পনা করছে গুয়াংডংভিত্তিক এ কোম্পানিটি। আনজোরান বলেছেন, “যত দ্রুত সম্ভব ভারতে আমাদের পরিকল্পনা এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।” শিগগিরই ভারতে পরীক্ষামূলক উৎপাদন শুরু ও তারপর পুরো মাত্রায় উৎপাদন বাড়াবে বলে আশা করছে কোম্পানিটি।

তবে আনজোরান বলেছেন, উৎপাদন সক্ষমতার পরিমাপক ‘ইয়েল্ড রেট’ ভারতে ও ভিয়েতনামে চীনের মতো মসৃণ হচ্ছে না।

ক্যানালিসের তথ্য বলছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে আইফোন সরবরাহ ১১ শতাংশ কমে এক কোটি ৩৩ লাখ ইউনিটে দাঁড়িয়েছে, যা আগের প্রান্তিকে ২৫.৭ শতাংশ বৃদ্ধির বিপরীত। গোটা বিশ্বে এপ্রিল থেকে জুন পর্যন্ত আইফোন সরবরাহ এক বছর আগের চেয়ে দুই শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪.৮ মিলিয়ন ইউনিট।

শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা এবং স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বাড়তে থাকা প্রতিযোগিতার কারণে এ বছর অ্যাপলের শেয়ার দাম ১৪ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

ক্যানালিস বলেছে, ভারতে আইফোন ১৬ প্রো তৈরি শুরু করলেও যুক্তরাষ্ট্রের এ উচ্চমানের মডেলটি বানাতে চীনের উন্নত উৎপাদন ব্যবস্থার ওপর অনেক বেশি নির্ভর করছে অ্যাপল।

এপ্রিলে ভারতে থেকে আমদানির ওপর ২৬ শতাংশ শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প, যা ওই সময় চীনের তুলনায় কম ছিল। কারণ চীনের ওপর তিন অংকের শুল্ক আরোপ করেছিলেন তিনি। তারপর ওইসব শুল্ক ১ অগাস্ট পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন প্রেসিডেন্ট।