২২ বছরে ১৫০০০ কিলোমিটার পাড়ি দিয়েছে এক হাম্পব্যাক তিমি
তিমিটিকে প্রথমবার ২০০৩ সালে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের উপকূলে দেখা গিয়েছিল। এটিই এখন পর্যন্ত কোনো তিমির দীর্ঘতম সমুদ্র যাত্রা।
দীর্ঘ ২২ বছর পর সন্ধান মিলল এক বিস্ময়কর পরিযায়ী তিমির! ব্রাজিল থেকে যাত্রা শুরু করে দীর্ঘ ১৫ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার উপকূলে পৌঁছেছে একটি হাম্পব্যাক তিমি।
গবেষকরা বলছেন, কোনো নির্দিষ্ট তিমির ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত রেকর্ড করা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র যাত্রা। লেজের অনন্য ছাপ ও এআই প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা এ তিমির বিস্ময়কর ভ্রমণ সমুদ্র বিজ্ঞানীদের চমকে দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান প্রতিবেদনে লিখেছে, তিমিটিকে প্রথমবার ২০০৩ সালে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের উপকূলে অবস্থিত ‘আব্রোলহোস ব্যাংক’-এ দেখা গিয়েছিল, যা ব্রাজিলে হাম্পব্যাক তিমির প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত।
এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে কুইন্সল্যান্ড উপকূলের কাছে ‘হার্ভে বে’তে তিমিটিকে আবার দেখা যায়, অর্থাৎ তিমিটি কম করে হলেও প্রায় ১৫ হাজার ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।
‘গ্রিফিথ ইউনিভার্সিটি’র পিএইচডি গবেষক ও এ গবেষণার সহ-লেখক স্টেফানি স্ট্যাক বলেছেন, “এত দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়া একটি তিমির ছবি তুলতে পারাটা সত্যিই অসাধারণ বিষয়। এমনটা এর আগে কখনোই ঘটেনি। তিমিটিকে দীর্ঘ ২২ বছর ধরে আর দেখাই যায়নি, যা বিস্ময়কর বিষয়।”
তিমিটির এ অবস্থান শনাক্ত করা হয়েছে ‘হ্যাপিহোয়েল’ নামের প্ল্যাটফর্মের এক ফটো আর্কাইভ থেকে, যেখানে গবেষক ও সাধারণ বিজ্ঞানপ্রেমীরা তিমির দেখা পাওয়ার ছবি শেয়ার করেন। এসব ছবির মাধ্যমে তিমির লেজের ভেতরের অংশ দেখে প্রতিটি তিমিকে আলাদাভাবে চেনা বা শনাক্ত করা যায়।
গবেষক স্ট্যাক বলেছেন, “একটি হাম্পব্যাক তিমির লেজের এ অংশটি প্রতিটি তিমির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ও অনন্য, ঠিক যেমন মানুষের হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট একে অপরের থেকে আলাদা হয় বিষয়টি তেমনই।”
লেজের এ অংশটির আকৃতি, সাদা-কালোর রঙের বিন্যাস ও কাটাছেঁড়ার দাগের মতো বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখে প্রতিটি তিমিকে আলাদাভাবে চেনা যায়।
এ গবেষণার সহ-লেখক ও ‘সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি’র তিমি বিজ্ঞানী টেড চিজম্যানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ‘হ্যাপিহোয়েল’ প্ল্যাটফর্মটি এআই অ্যালগরিদম ব্যবহার করে তিমির মিল খুঁজে বের করে, যা মানুষের ‘ফেইশল রিকগনিশন’ বা মুখমণ্ডল চেনার প্রযুক্তির মতোই কাজ করে।
এর আগে, ২০০৭ সালে ‘হার্ভে বে’তে আরেকটি তিমির ছবি তোলা হয়েছিল এবং ২০১৩ সালেও একই এলাকায় সেটিকে আবার দেখা যায়। এর ঠিক ছয় বছর পর ব্রাজিলের সাও পাওলো উপকূলে তিমিটির দেখা মেলে। এ দুটি প্রজনন ক্ষেত্রের মধ্যকার দূরত্ব প্রায় ১৪ হাজার ২০০ কিলোমিটার।
গবেষকরা বলেছেন, ব্রাজিল ও পূর্ব অস্ট্রেলিয়ার হাম্পব্যাক তিমি দলগুলোর মধ্যে ‘উভয়মুখী যাতায়াতের ক্ষেত্রে রেকর্ড করা প্রথম ঘটনা’ হলো এই দুটি তিমি।
তারা লিখেছেন, “ছয় বছর ও বাইশ বছর পর পর এসব তিমির আবার দেখা মেলা থেকে প্রমাণ মিলেছে, এগুলো এদের নিয়মিত অভিবাসন বা বাসস্থান বদল নয়, বরং এদের জীবনের খুবই বিরল ও সম্ভবত জীবনকালের একমাত্র কোনো দীর্ঘ যাত্রা।”
এ গবেষণাটি ১৯৮৪ থেকে ২০২৫ সালের মধ্যে পূর্ব অস্ট্রেলিয়া ও লাতিন আমেরিকা থেকে সংগ্রহ করা ১৯ হাজার ২৮৩টি তিমির লেজের ছবির ওপর ভিত্তি করে করা হয়েছে।
স্ট্যাক বলেছেন, “ছবির মাধ্যমে তিমি শনাক্তকরণ গবেষণার অন্যতম সীমাবদ্ধতা হচ্ছে, আমরা কেবল দুটি নির্দিষ্ট বিন্দুর তথ্যই হাতে পাই, অর্থাৎ তিমিটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল ও কোথায় গিয়ে পৌঁছাল, কেবল সেটাই আমরা জানতে পারি।
“তরে এ দুইয়ের মাধ্যে এর সঙ্গে কী ঘটেছিল সে সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না।”
তিনি আরও বলেছেন, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার উপকূলরেখার মধ্যকার যে সোজা দূরত্ব, তিমিগুলো হয়তো বাস্তবে তার চেয়েও বেশি পথ পাড়ি দিয়েছে। এরা নিজেদের গন্তব্যে পৌঁছাতে ঠিক কোন পথ ব্যবহার করেছিল তা-ও স্পষ্ট নয়।
সাধারণত, একটি অস্ট্রেলিয়ান হাম্পব্যাক তিমির নিয়মিত অভিবাসন পথ অ্যান্টার্কটিকার বরফশীতল অঞ্চলের চারণভূমি (যেখানে এরা খাবার খোঁজে) এবং গ্রেট ব্যারিয়ার রিফের কাছাকাছি প্রজনন ক্ষেত্রের মধ্যবর্তী এলাকা।
স্ট্যাক বলেছেন, “প্রতি বছর এরা খাবার খোঁজার চারণভূমি থেকে প্রজনন ক্ষেত্রে যায় এবং সেখান থেকে আবার চারণভূমিতে ফিরে এসে পুরো চক্র সম্পন্ন করে। আর এ আসা-যাওয়ার পুরো পথটি প্রায় ১০ হাজার কিলোমিটারের মতো।”
উন্মুক্ত মহাসাগর জুড়ে এ দুটি তিমির এত দীর্ঘ যাত্রার আবিষ্কার আমাদের গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে স্ট্যাক বলেছেন, “আমাদের সামুদ্রিক সম্পদ রক্ষার প্রচেষ্টাটি অবশ্যই বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে হতে হবে। কারণ এগুলো পরিযায়ী প্রাণী, এরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের জলসীমা ও আন্তর্জাতিক সীমানা পারাপার করে।”
ভবিষ্যৎ দিনগুলোতে জলবায়ু পরিবর্তন এ তিমিদের অভিবাসনের ধরনে প্রভাব ফেলার ঝুঁকি ‘প্রবল’।
কারণ হিসেবে স্ট্যাক অ্যান্টার্কটিক অঞ্চলের চারণভূমিগুলোতে ঘটে যাওয়া ব্যাপক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেছেন, সেখানে তিমির প্রধান খাদ্য ‘অ্যান্টার্কটিক ক্রিল’ বা এক ধরনের ছোট চিংড়ি জাতীয় প্রাণী’র অস্তিত্ব এখন হুমকির মুখে।
