২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি সংস্থার জন্য জেমিনাইয়ের বিশেষ সংস্করণ বিক্রির ঘোষণা গুগলের

‘জেমিনাই ফর গভর্নমেন্ট’ নামের এ সংস্করণে থাকবে ‘নোটবুকএলএম’এর মতো বর্তমানে থাকা বিভিন্ন টুলের প্রবেশাধিকার। আরও থাকবে সার্চ, ভিডিও ও ছবি তৈরির সক্ষমতা।

সরকারি সংস্থার জন্য জেমিনাইয়ের বিশেষ সংস্করণ বিক্রির ঘোষণা গুগলের
সরকারি বিভিন্ন সংস্থার জন্য বছরে কেবল ৫০ সেন্টে এআই প্লাটফর্মটি ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি জেমিনাইয়ের আলাদা একটি সংস্করণ তৈরি করে তা যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন সংস্থার কাছে বিক্রি করবে।

এ নিয়ে দেওয়া ঘোষণায় গুগল বলেছে, সরকারি বিভিন্ন সংস্থার জন্য নিজেদের জেমিনাই এআই মডেলের এক বিশেষ সংস্করণ বিক্রি করবে তারা। ‘জেমিনাই ফর গভর্নমেন্ট’ নামের এ সংস্করণে থাকবে ‘নোটবুকএলএম’এর মতো বর্তমানে থাকা বিভিন্ন টুলের প্রবেশাধিকার। আরও থাকবে গুগলমানের এন্টারপ্রাইজ সার্চ, ভিডিও ও ছবি তৈরির সক্ষমতা।

গুগল নতুন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই, অ্যানথ্রপিক ও ইলন মাস্কের এক্সএআইয়ের মতো অন্যান্য কোম্পানির একই ধরনের সেবার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

সরকারি সংস্থার জন্য তৈরি জেমিনাইয়ের নতুন সংস্করণের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে প্রশাসনিক বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা। 

গুগল বলেছে, শুরুতেই ‘ডিপ রিচার্স’ ও ‘আইডিয়া জেনারেশন’-এর মতো এআই এজেন্ট সরবরাহ করবে তারা। তবে যারা বা যেসব সরকারি সংস্থা নতুন এআই প্ল্যাটফর্মে বিনিয়োগ করবে তারা চাইলে নিজেদের মতো করে কাস্টম এআই এজেন্টও তৈরি করতে পারবে।

‘জেমিনাই ফর গভর্নমেন্ট’-এ থাকবে সাইবার হুমকি থেকে সুরক্ষা ও ডেটা সুরক্ষা ব্যবস্থাও। নতুন এআই সংস্করণটি ‘সেক৪’ ও ‘ফেডর‌্যাম্প’-এর মতো ক্লাউড নিরাপত্তা মানদণ্ড মেনে তৈরি হবে বলে দাবি গুগলের।

সরকারি বিভিন্ন সংস্থার জন্য বছরে কেবল ৫০ সেন্টে এআই প্লাটফর্মটি ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। তবে বাড়তি নিরাপত্তা ফিচার চাইলে এর জন্য সংস্থাগুলোকে আলাদা খরচ দিতে হবে।

এনগ্যাজেট লিখেছে, গুগলের এত কম কম দাম রাখার পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে। একদিকে আগ্রহ বাড়ানো, যাতে সরকার গুগলের সেবা কিনতে আগ্রহী হয়। অন্যদিকে, ওপেনএআই ও অ্যানথ্রপিক দুই প্রতিযোগী কোম্পানি এর আগে সরকারকে ১ ডলারে এআই সেবা দেওয়ার ঘোষণা দিয়েছিল। গুগল এখন তার চেয়ে কম দামে এআই সেবা দিয়ে কোম্পানি দুটির বিরুদ্ধে এক রকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিল।

সরকারি এআই ঠিকাদার হওয়ার এসব প্রচেষ্টা জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘এআই অ্যাকশন প্ল্যান’-এর ছায়ায় ঘটছে। এ এআই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে, এআই প্রযুক্তির উন্নয়নকে উৎসাহ দেওয়া, এআইকে যুক্তরাষ্ট্রের এক রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলা এবং বিভিন্ন এআই মডেল থেকে তথাকথিত ‘আদর্শগত পক্ষপাত’ দূর করা।

তবে অনেকের ধারণা, ট্রাম্পের এ পরিকল্পনার অনেক দিক এখনও অস্পষ্ট ও এগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যা কিছুটা উদ্বেগজনকও।

এ প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য যদি এআই নিয়ে কঠোর নিয়ম করে তবে ফেডারেল সরকার সেইসব রাজ্যকে এআইসংক্রান্ত তহবিল না-ও দিতে পারে। 

এ ছাড়াও, ‘ফেডারেল কমিউনিকেশন্স কমিশন’ বা এফসিসি’কে এআই নিয়ন্ত্রণে ভূমিকা নিতে বলা হয়েছে। যাতে প্রেসিডেন্ট ও নির্বাহী বিভাগের হাতে আরও বেশি ক্ষমতা আসে।