Published : 04 Jun 2026, 02:47 PM
১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ও স্মার্টওয়াচ ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে নতুন বিল অনুমোদন করেছে পোল্যান্ড সরকার।
নতুন নিয়ম অনুসারে, স্কুল চলাকালীন ও ক্লাসের বিরতিতেও শিক্ষার্থীরা মোবাইল ফোন ও স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবে না।
শিক্ষার্থীদের ফোন ও ইন্টারনেট আসক্তি দূর করার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই পোল্যান্ড এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে লিখৈছে প্রযুক্তি সংবাদে সাইট এনগ্যঅজেট।
বিলটি আইনে পরিণত হওয়ার আগে দেশটির পার্লামেন্ট ও প্রেসিডেন্ট ক্যারল নাভরোকির অনুমোদনের প্রয়োজন হবে।
‘নোটস ফ্রম পোল্যান্ড’-এর তথ্য অনুসারে, বিলটি পাস হলে শিক্ষার্থীরা পুরো স্কুল চলাকালীন ও ক্লাসের মাঝের বিরতি এবং ক্লাস-পরবর্তী কার্যক্রমের সময়ও তাদের এসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবে না।
নতুন নিয়মে শিক্ষার্থীরা স্কুলে এসব ডিভাইস সঙ্গে নিয়ে আসতে পারবে। তবে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট জায়গা বা ‘ডিজিটাল লকার’ সরবরাহ করতে হবে, যেখানে বাড়ি ফেরার সময় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ডিভাইস জমা রাখতে হবে।
স্কুলের শিক্ষক ও কর্মীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। পাশাপাশি অসুস্থতা, প্রতিবন্ধকতা বা অন্য কোনো বিশেষ চাহিদা রয়েছে এমন শিক্ষার্থীরাও এ নিয়ম থেকে ছাড় পাবেন।
যেমন, যাদের নিয়মিত ‘রক্তের শর্করা বা ব্লাড সুগার’ মাপতে হয় তারা চাইলে নিজেদের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন। সাধারণ শিক্ষার্থীরাও যে কোনো জরুরি পরিস্থিতিতে ফোন ব্যবহারের জন্য অনুমতি চাইতে পারবে।
বিলটি চূড়ান্তভাবে পাস হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক বলেছেন, “আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস ও বিরতির সময় মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করছি।
“আমরা কোনো ঘোরের মধ্যে নেই যে, এমনটা নিখুঁত সমাধান হবে কি না। তবে ফোন ও ইন্টারনেটের প্রতি আসক্তির মতো মারাত্মক সমস্যাটির মুখোমুখি আমাদের হতেই হবে।”
বিলটি আইনে পরিণত হলে স্কুলে ফোন নিষিদ্ধ করা বিশ্বের অন্যান্য দেশের তালিকায় যোগ হবে পোল্যান্ড।
২০২৪ সালে একই নিয়ম চালু করেছিল ইতালি এবং গেল বছর তারা হাইস্কুলের শিক্ষার্থীদেরও এ নিয়মের আওতায় নিয়ে এসেছে।
এ বছরের মার্চ থেকে দক্ষিণ কোরিয়াও স্কুল চলাকালীন শিক্ষার্থীদের ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
গবেষকরা বলছেন, নেদারল্যান্ডসের ক্লাসরুমগুলোতে ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির ফলে শিক্ষার্থীদের ‘মনোযোগের সক্ষমতা’ এবং স্কুলের ‘সামাজিক পরিবেশ’ আগের চেয়ে উন্নত হয়েছে।
পাশাপাশি, পোল্যান্ড সরকার আরও একটি বিল অনুমোদন করেছে, যার আওতায় প্রাপ্তবয়স্কদের কনটেন্ট বা পর্নোগ্রাফি সরবরাহকারী ওয়েবসাইটগুলোতে ‘বয়স যাচাইকরণ ব্যবস্থা’ বাধ্যতামূলক করা হবে, যাতে শিশুরা এগুলো থেকে দূরে থাকতে পারে।
অনলাইন পর্নোগ্রাফির ক্ষেত্রে বয়স যাচাইয়ের এ নিয়ম ২০১৯ সালে বিশ্বে প্রথম চালু করেছিল যুক্তরাজ্য। এরপর থেকে বিশ্বের অন্যান্য অঞ্চল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যেও এ একই নিয়ম কার্যকর করেছে।