Published : 16 Sep 2025, 05:08 PM
মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার বিরুদ্ধে প্রতিযোগিতা বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে চীনা নিয়ন্ত্রক সংস্থা।
দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা বলেছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে চীনের ‘অ্যান্টি-মনোপলি’ বা বাজার প্রতিযোগিতাবিষয়ক আইন লঙ্ঘন করেছে মার্কিন এই চিপ জায়ান্ট। কীভাবে কোম্পানিটি নিয়ম ভঙ্গ করেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তারা। তবে এ নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেছে সংস্থাটি।
বিবিসি লিখেছে, এমন সময়ে এ খবর এল যখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানোর সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার স্পেনে দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রী স্কট বেসেন্ট ও চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং-এর নেতৃত্বে চলমান এ আলোচনায় টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানার জন্য সবে যুক্তরাষ্ট্র ও চীন একটা সমঝোতায় পৌঁছেছে।
সর্বশেষ জুলাইয়ে সাক্ষাৎ করেছিলেন বেইজিং ও ওয়াশিংটনের শীর্ষ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিরা। ওই সময় একটি চুক্তিতে পৌঁছান তারা, যেখানে দুই দেশের শুল্ক বিরতির সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়ে ১০ নভেম্বর পর্যন্ত করা হয়।
ধারণা করা হচ্ছে, এ সপ্তাহের আলোচনায় কর্মকর্তারা এমন এক সম্ভাব্য বৈঠকের প্রস্তুতিও নেবেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অক্টোবর মাসেই সাক্ষাৎ করতে পারেন। ওই সময় দক্ষিণ কোরিয়ার শীর্ষ এক সম্মেলনে অংশ নেওয়ার কথাও রয়েছে তাদের।
এদিকে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিরতির ফলে একে অপরের পণ্যে আরোপিত আমদানি শুল্ক যেটি আগে ১০০ শতাংশেরও বেশি ছিল তা কমানো হয়েছে।
হোয়াইট হাউস বলেছে, এই সময়সীমা বাড়ানোর ফলে তাদের ‘অন্যায্য বাণিজ্য চর্চা’ নিয়ে আলোচনা এবং জাতীয় নিরাপত্তার বিভিন্ন বিষয় ঠেকানোর জন্য আরও সময় মিলেছে তাদের।
গত ডিসেম্বরে এনভিডিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে চীন, যেটিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সেমিকন্ডাক্টর চিপ বাজার নিয়ে চলমান সংঘাতের সর্বশেষ পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
চীনা বিভিন্ন কোম্পানির কাছে নির্দিষ্ট কিছু রপ্তানি, বিশেষ করে উন্নতমানের সেমিকন্ডাক্টর বিক্রির ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র।
মাদ্রিদে চলমান আলোচনায় এনভিডিয়ার তৈরি চিপসহ কোন কোন ধরনের চিপ চীনে প্রবেশের অনুমতি পাবে সে বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
প্রথমবার প্রেসিডেন্ট পদে থাকাকালে টিকটক নিষিদ্ধের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এখন নিজের অবস্থান পরিবর্তনের পাশাপাশি অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা তিনবার স্থগিতও করেছেন।
চীনের অভিযোগের বিষয়ে এনভিডিয়া, হোয়াইট হাউস ও টিকটকের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করেও সাড়া পায়নি বিবিসি।
গত অগাস্টে অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করে হোয়াইট হাউস।