১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবার ক্রোমে গুগলের এআই স্পার্ক, একঘেয়ে কাজে আনবে স্বস্তি

নতুন ফিচারটির মাধ্যমে ফ্লাইট টিকিট খোঁজা ও বুকিং প্রক্রিয়া শুরুর মতো জটিল বিভিন্ন কাজ এখন মুহূর্তেই করে দেবে স্পার্ক।

এবার ক্রোমে গুগলের এআই স্পার্ক, একঘেয়ে কাজে আনবে স্বস্তি
মূল লেনদেনের শেষ ধাপে পুরো বিষয়টি পর্যালোচনার দায়িত্বটি ব্যবহারকারীর হাতেই ফিরিয়ে দেবে সিস্টেমটি। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 02:22 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

প্রতিদিনের ইন্টারনেটের একঘেয়ে ও ঝক্কিঝামেলার কাজ সহজ করতে ক্রোম ওয়েব ব্রাউজারে যোগ হচ্ছে নতুন এক এআই এজেন্ট। স্পার্ক নামের এই এজেন্ট তৈরি করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ব্রাউজারে লগডইন থাকা অবস্থাতেই সংরক্ষিত পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেটনির্ভর বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সামলাতে পারবে এই এআই।

গুগল বলেছে, নতুন ফিচারটির মাধ্যমে ফ্লাইট টিকিট খোঁজা ও বুকিং প্রক্রিয়া শুরুর মতো জটিল বিভিন্ন কাজ এখন মুহূর্তেই করে দেবে স্পার্ক।

ফ্লাইটের টিকিট বুকিং ছাড়াও দৈনন্দিন কাজের উদাহরণ হিসেবে গুগল বলেছে, বাসা ভাড়া বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে পরিদর্শনের সময় নির্ধারণের কাজও সামলাতে পারবে তাদের এই এজেন্ট স্পার্ক।

তবে এ দুটো নির্দিষ্ট উদাহরণের বাইরে সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে এর কার্যকারিতা ঠিক কতখানি সে বিষয়ে বিস্তারিত জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়নি এনগ্যাজেট।

পাসওয়ার্ড ও বিভিন্ন অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য কোনো এআই সহকারীর হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে ব্যবহারকারীদের শঙ্কা থাকাটাই স্বাভাবিক। আর তাই বিষয়টি মাথায় রেখে বেশ কিছু নিরাপত্তা ফিচারের ওপর জোর দিয়েছে মার্কিন সার্চ জায়ান্টটি।

গুগল বলেছে, কোনো ক্ষতিকর ওয়েবসাইট বা ব্যবহারকারীর কনটেন্টে লুকিয়ে রাখা অনাকাঙ্ক্ষিত কোনো প্রম্পট বা কমান্ড দিয়ে যাতে এআইকে বিভ্রান্ত না করা যায় সে জন্য এতে ‘প্রম্পট ইনজেকশন’ বিষয়ে বিশেষ নিরপত্তা ব্যবস্থা যোগ করেছে তারা।

নিরাপত্তা ব্যবস্থা চালুর বিষয়ে গুগল বলেছে, “প্রম্পট ইনজেকশন ঠেকানোর মাধ্যমে এআইকে অনাকাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে দূরে রাখা হবে। যেমন স্বয়ংক্রিয়ভাবে অর্থ লেনদেন শুরু করা বা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার মতো ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে ব্রাউজারটি।”

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কাজ করলেও নিজেদের নতুন এ নিরাপত্তার কারিগরি বিস্তারিত এখনও জনসমক্ষে খোলসা করেনি গুগল। তবে সাইবার আক্রমণকারীদের আটকাতে যে একাধিক স্তরের সুরক্ষাবলয় তৈরি হয়েছে সে বিষয়ে আশ্বস্ত করেছে কোম্পানিটি।

গুগল বলেছে, “আক্রমণকারীরা যাতে কোনো ধরনের ক্ষতি করতে না পারে বা কাজটি যেন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় সেজন্য আমরা সুনির্দিষ্ট ও মিশ্র স্তরের প্রতিরক্ষাব্যবস্থা বা ‘লেয়ার্ড ডিফেন্স’ তৈরিতে জোর দিচ্ছি।”

কেনাকাটা বা টিকিটের চূড়ান্ত পেমেন্ট বা লেনদেন প্রক্রিয়াটি এআই স্পার্ক নিজে থেকে সম্পন্ন করবে না বলে নিশ্চিত করেছে গুগল।

মূল লেনদেনের শেষ ধাপে পুরো বিষয়টি পর্যালোচনার দায়িত্বটি ব্যবহারকারীর হাতেই ফিরিয়ে দেবে সিস্টেমটি, যা নিরাপত্তা নিয়ে শঙ্কিতদের জন্য বড় স্বস্তির খবর।

বর্তমানে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য নতুন ফিচারটি চালু করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তা অন্যান্য দেশেও চালু হবে।

সেই লক্ষ্যে বিশ্বের ১৬০টিরও বেশি দেশে ‘গুগল এআই প্রো’ গ্রাহকদের জন্য স্পার্ক ব্যবহারের সুবিধা বাড়িয়েছে কোম্পানিটি।

পাশাপাশি ব্যবহারকারীরা যাতে নিজেদের দৈনন্দিন অফিসিয়াল কাজ নির্বিঘ্নে সারতে পারেন সেজন্য গুগলের নিজস্ব ‘ওয়ার্কস্পেস’ অ্যাপগুলোর সঙ্গেও এ এআই সহকারীকে যোগ করেছে গুগল।