২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লেখকদের মামলা রেকর্ড ১৫০ কোটি ডলারে রফা অ্যানথ্রপিকের

এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য লেখকদের বই ব্যবহার করাকে ‘ফেয়ার ইউজ’ বা বৈধ ব্যবহার হিসেবে গণ্য করা যেতে পারে। তবে, পাইরেটেড বই সংরক্ষণ করায় কপিরাইট লঙ্ঘন হয়েছে।

লেখকদের মামলা রেকর্ড ১৫০ কোটি ডলারে রফা অ্যানথ্রপিকের
অনুমোদিত এ সমঝোতা চুক্তির আওতায় ৪ লাখ ৮০ হাজারের বেশি সাহিত্যকর্ম ও বই অন্তর্ভুক্ত রয়েছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 02:18 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

লেখকদের পাইরেটেড বই দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে অ্যানথ্রপিকের বিরুদ্ধে দায়ের হওয়া কপিরাইট মামলায় ১৫০ কোটি ডলারের ঐতিহাসিক সমঝোতা চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের এক আদালত।

চুক্তি অনুসারে, ক্ষতিগ্রস্ত প্রতিটি সাহিত্যকর্মের জন্য লেখকরা আনুমানিক তিন হাজার ডলার করে ক্ষতিপূরণ পাবেন এবং সংগৃহীত পাইরেটেড কপিগুলো অ্যানথ্রপিককে ধ্বংস করে ফেলতে হবে।

২০২৪ সালে অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন একদল লেখক। তাদের দাবি ছিল, তাদের লেখা বইয়ের পাইরেটেড কপি দিয়ে বেআইনিভাবে নিজেদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘ক্লড’কে প্রশিক্ষণ দিয়েছে এআই কোম্পানিটি।

স্যান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতের এ মামলার মূল বিচারক উইলিয়াম আলসাপ রায়ে বলেছেন, ক্লড এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য লেখকদের বই ব্যবহার করাকে ‘ফেয়ার ইউজ’ বা বৈধ ব্যবহার হিসেবে গণ্য করা যেতে পারে।

পাশাপাশি, তিনি সতর্ক করে বলেছেন, এআই প্রশিক্ষণের উদ্দেশ্যে কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে লেখকদের প্রায় ৭০ লাখ পাইরেটেড বই সংরক্ষণ করে স্পষ্টতই কপিরাইট আইন লঙ্ঘন করেছে অ্যানথ্রপিক।

এর আগে, গেল বছরের সেপ্টেম্বরে বিচারক আলসাপ এ সমঝোতা চুক্তিটি বাতিল করেছিলেন। ওই সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এ চুক্তির শর্তাবলী লেখকদের ‘জোর করে গিলিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে’। চুক্তিটি সম্পূর্ণ নয় এবং এতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি।

আদালতের সেই আপত্তির পর সমঝোতা প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এনেছে এআই কোম্পানিটি। ক্ষতিগ্রস্ত লেখকরা যেন তাদের লেখা বই তালিকায় আছে কি না তা সহজে যাচাই করে ক্ষতিপূরণের দাবি জানাতে পারেন সেজন্য একটি ওয়েবসাইটও চালু করেছে অ্যানথ্রপিক।

অনুমোদিত এ সমঝোতা চুক্তির আওতায় ৪ লাখ ৮০ হাজারের বেশি সাহিত্যকর্ম ও বই অন্তর্ভুক্ত রয়েছে।

মূল বিচারক আলসাপ অবসরে যাওয়ার পর মামলাটির দায়িত্ব পান যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক আরাচেলি মার্তিনেজ-ওলগিন। তিনি সম্প্রতি এ সমঝোতা চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

চুক্তির শর্তানুসারে, ক্ষতিগ্রস্ত প্রতিটি সাহিত্যকর্মের জন্য লেখকরা আনুমানিক ৩ হাজার ডলার করে ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি অ্যানথ্রপিককে তাদের তথ্যভাণ্ডারে থাকা বইগুলোর সব পাইরেটেড কপি ধ্বংস করার নির্দেশ দিয়েছে আদালত।

নির্ধারিত ক্ষতিপূরণের এ অংককে কম মনে করছেন বাদীদের একটি অংশ। সে কারণে তারা এই যৌথ সমঝোতা চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে অ্যানথ্রপিকের বিরুদ্ধে পৃথকভাবে নতুন মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন।