২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি লড়াই সামলাতে ট্রাম্পের সাবেক সহযোগীকে নিয়োগ দিল মেটা

ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতো বিভিন্ন অ্যাপে শিশুদের যৌন নিপীড়ন ও মানবপাচার থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে মেটা। এ সময়ই কোম্পানিটিতে যোগ দিচ্ছেন মাহনি।

আইনি লড়াই সামলাতে ট্রাম্পের সাবেক সহযোগীকে নিয়োগ দিল মেটা
মাইক্রোসফটের ‘প্রোডাক্ট, সার্ভিসেস অ্যান্ড গো-টু-মার্কেট’-এর প্রধান আইন উপদেষ্টা হিসেবে ছিলেন মাহনি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 05:57 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সাবেক আইন নির্বাহী ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী কার্টিস জোসেফ মাহনিকে আইন বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে মেটা।

ফেইসবুকের মূল কোম্পানি মেটার বর্তমান প্রধান আইনজীবী জেনিফার নিউস্টেডের স্থলাভিষিক্ত হবেন মাহনি। জেনিফার ডিসেম্বরে মেটা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এ বছরের মার্চে অ্যাপলের প্রধান আইনজীবী হিসেবে যোগ দেবেন তিনি।

সবচেয়ে সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ও ‘প্রোডাক্ট, সার্ভিসেস অ্যান্ড গো-টু-মার্কেট’ বিভাগের প্রধান আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন মাহনি।

এর আগে, ট্রাম্পের প্রথম দফায় হোয়াইট হাউসে থাকার সময় ‘ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ’ বা উপ-বাণিজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সংবাদমাধ্যম সিএনবিসি লিখেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত অসংখ্য মামলার মুখে পড়ছে মেটা। যার মধ্যে নিউ মেক্সিকোর একটি চলমান মামলাও রয়েছে।

এ মামলায় অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন, ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতো বিভিন্ন অ্যাপে শিশুদের যৌন নিপীড়ন ও মানবপাচার থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে মেটা। এমন চ্যালেঞ্জিং সময়েই কোম্পানিটিতে যোগ দিচ্ছেন মাহনি।

মেটার সিইও মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেছেন, “বিশ্বমানের আইন দক্ষতা, নতুন প্রযুক্তির প্রতি বিশেষ আগ্রহ ও বিশ্বজুড়ে যেসব আইন ও নীতিগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আমাদের শিল্প সে সম্পর্কে গভীর জ্ঞান নিয়ে আসছেন মাহনি। মানুষের মধ্যে যোগাযোগের ভবিষ্যৎ গড়ার যে লক্ষ্য মেটা নিয়েছে তা এগিয়ে নিতে আমি তার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”

২০২১ সালে ডেপুটি জেনারেল কাউন্সেল হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মাহনি। ওই সময় মূলত বাণিজ্য ও কোম্পানির ‘অ্যাজিউর’ ক্লাউড ব্যবসা নিয়ে কাজ করেছেন তিনি। যোগদানের পরপরই যুক্তরাষ্ট্রের ‘হাউজ ওয়েজ অ্যান্ড মিনস সাব-কমিটি’র এক শুনানিতে মাইক্রোসফটের প্রতিনিধিত্ব করার সময় আফ্রিকায় কোম্পানির বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেছেন তিনি।

২০২৫ সালে মাইক্রোসফটের জেনারেল কাউন্সেল হন মাহনি, যেখানে তিনি ইঞ্জিনিয়ারিং, সেলস ও মার্কেটিং বিভাগে কর্মরত আইনজীবী ও পেশাদারদের নেতৃত্ব দিয়েছেন।

মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন, কোম্পানিটিতে সরাসরি ব্র্যাড স্মিথের অধীনে কাজ করতেন মাহনি। ব্র্যাড স্মিথ হলেন মাইক্রোসফটের ভাইস চেয়ার, প্রেসিডেন্ট এবং আইন ও রাজনৈতিক বিষয়ে শীর্ষ নির্বাহী।

২০১৮ সালে ইনফরমেশন এক প্রতিবেদনে বলেছিল, মেটার ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ প্রাইভেসি কেলেঙ্কারির পর পরামর্শের জন্য এই ব্র্যাড স্মিথের সঙ্গেই যোগাযোগ করেছিলেন জাকারবার্গ।

মাহনি এক বিবৃতিতে বলেছেন, “মেটাতে যোগ দিতে পেরে আমি উৎসাহিত। কারণ এআই উদ্ভাবনের নেতৃত্ব ও বিশ্বজুড়ে মানুষকে সংযোগের কাজ অব্যাহত রেখেছে কোম্পানিটি। মাইক্রোসফটে চমৎকার এক অধ্যায় শেষ করে মেটাতে এই নতুন পথচলা শুরুর মুহূর্তে আমার ওপর আস্থা রাখার জন্য জাকারবার্গ ও পরিচালনা পর্ষদের কাছে কৃতজ্ঞ আমি।”

মাহনির চলে যাওয়ার পর তার জায়গায় কে আসবেন বা কোম্পানিটির উত্তরাধিকার পরিকল্পনার বিষয়ে কোনো মন্তব্য করেননি মাইক্রোসফটের ওই মুখপাত্র।