২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ওয়াচ নিয়ে সন্তুষ্ট ব্যবহারকারীরা

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের স্মার্টওয়াচ ‘অ্যাপলওয়াচ’-এর পক্ষে-বিপক্ষে এখন পর্যন্ত নানা ধরনের মত রয়েছে। তবে সর্বশেষ এক জরিপের ফলাফল অনুযায়ী, অ্যাপলওয়াচ ব্যবহারকারীদের মধ্যে সন্তুষ্টির পরিমাণই বেশি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 02:14 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ৮শ’ অ্যাপলওয়াচ ব্যবহারকারীর মধ্যে এক জরিপ চালিয়েছে গবেষণাধর্মী প্রতিষ্ঠান রিস্টলি। ১৪ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে করা ওই জরিপের ফলাফল অনুযায়ী, ৯৭ শতাংশ অ্যাপলওয়াচ ব্যবহারকারী তাদের স্মার্টওয়াচ নিয়ে সন্তুষ্ট।

সন্তোষ-অসন্তোষের পরিমাপ ছাড়াও ওই জরিপে পাওয়া যায় অ্যাপলওয়াচ ব্যবহারকারীদের ব্যাপারে নানা তথ্য। ৫৩ শতাংশ অ্যাপলওয়াচ ব্যবহারকারী নিজেদের ‘প্রযুক্তি বিমুখ’ বলে চিহ্নিত করেছেন। আর ৩৪ শতাংশ ব্যবহারকারী নিজেদের ‘প্রযুক্তি ভক্ত’ বলে দাবি করেছেন।

জরিপের সঙ্গে সম্পৃক্ত বিশ্লেষক বেন বাজারিন বলেন, “বর্তমানে আইফোন ব্যবহারকারীদের মধ্যে সন্তুষ্টির পরিমাণ ৯৯ শতাংশ। অ্যাপলওয়াচের প্রথম সংস্করণ প্রথম প্রজন্মের আইফোন বা আইপ্যাডের থেকে বেশি সন্তুষ্টি অর্জন করেছে।”

এ বিষয়ে অ্যাপলের একজন মুখপাত্র বলেন, “প্রতিদিন আমরা গ্রাহকদের কাছ থেকে শুনি তারা তাদের অ্যাপলওয়াচ ভালোবাসে আর তারা এটি নতুনভাবে ব্যবহারের উপায় খুঁজছে।”