ড্রোনের কারণে অগ্নিনির্বাপন বাঁধাগ্রস্থ
ড্রোনের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাডিনো কাউন্টির বনের আগুন নেভানোর প্রচেষ্টায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের কর্মককর্তারা।
পাঁচটি ব্যক্তিমালিকানাধীন ড্রোন আক্রান্ত এলাকার ভিডিও ধারণ করতে থাকায় যুক্তরাষ্ট্রের অগ্নিনির্বাপক বিভাগকে প্রায় বিশ মিনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ব্যবহৃত হেলিকপ্টার বসিয়ে রাখতে হয়েছিল।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এরকম ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ন্যূনতম চারবার এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে দেশটির অগ্নিনির্বাপক বিভাগ।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নাডিনো কাউন্টিতে আগুন নিয়ন্ত্রণকালে অগ্নিনির্বাপক কর্মীরা পাঁচটি উড়ন্ত ড্রোন দেখতে পান। ফলে বাধ্য হয়ে প্রায় বিশ মিনিট অগ্নিনির্বাপনের কাজে ব্যবহৃত হেলিকপ্টার বসিয়ে রাখতে হয় তাদের। এসময় আগুন আরও ছড়িয়ে লস অ্যাঞ্জেলস ও লাস ভেগাসের মধ্যবর্তী প্রধান সড়ক ইন্টারস্টেট ১৫-তে পৌঁছে যায়। এতে ২০টি গাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে যায় এবং ১০টি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
এ প্রসঙ্গে স্যান বার্নাডিনোর অগ্নিনির্বাপক বিভাগের এরিক শারউইন জানিয়েছেন, ড্রোনের কর্মকান্ডের জন্য যে সময়টুকু নষ্ট হয়েছে, তা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারলে আগুন এত ছড়াতো না।
প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ড কবলিত স্থানে উড়ন্ত ড্রোন দেখা গেলে দায়িত্বরত কর্মীকে তা না সড়ানো পর্যন্ত বাধ্য হয়ে আকাশপথের কার্য্যক্রম বন্ধ রাখতে হয়। উড়ন্ত ড্রোনের কারণে পাইলট থেকে শুরু করে হেলিকপ্টার পর্য্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশন ড্রোন বিষয়ক সাম্প্রতিক এ ইস্যুটি নিয়ে তদন্ত করবে কিনা তা এখনও জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের ড্রোন বিষয়ক আইনে বলা রয়েছে, সাময়িক উড্ডয়ন নিষেধাজ্ঞা চলাকালে কোনো উড়ন্ত ড্রোন দেখা গেলে, সেটির পাইলট বা মালিককে ২৫ হাজার ডলারেরও বেশি জরিমানা করা হতে পারে।
