২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু পীড়ন চিহ্নিত করবে ফটোডিএনএ

শিশু পীড়নের ছবি চিহ্নিত করতে সক্ষম ‘ফটোডিএনএ’ টুলের ফ্রি সংস্করণ উন্মুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বিভিন্ন ওয়েবসাইটে এ ধরনের কোনো ছবি শেয়ার করলেই ওয়েবসাইট মালিকরা ফটোডিএনএর সাহায্যে ওই ছবিগুলো চিহ্নিত করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 02:54 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রতিদিন ইন্টারনেটে শিশু পীড়নের ৭ লাখ ২০ হাজার ছবি আপলোড করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিশু অধিকারবিষয়ক সংস্থা এবং সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমগুলো ওই টুলটি ব্যবহার করছে বেশ কিছু দিন ধরে।

নিজস্ব ওয়েবসাইটে আপলোড হওয়া সব কনটেন্ট যাচাই করে দেখার মত প্রয়োজনীয় কর্মী বা টুল নেই এমন ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করার জন্যই এবার ‘ফটোডিএনএ’ উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

এক ব্লগ পোস্টে এ প্রসঙ্গে ‘মাইক্রোসফটস ডিজিটাল ক্রাইমস ইউনিট’-এর আইনজীবি কোর্টনি গ্রেগয়ার বলেন, “প্রতিদিন ইন্টারনেটে আপলোড হওয়া ১৮০ কোটি ছবির মধ্য থেকে এ ধরনের ছবি চিহ্নিত করার ব্যাপারটি প্রায় অসম্ভব একটি কাজ ছিল। এসব ছবি চিহ্নিত করার জন্য আমাদের আরও সহজ কোনো উপায়ের প্রয়োজন ছিল।”

ফটোডিএনএ বিভিন্ন ছবি আলাদা করে চিহ্নিত করে রাখে এবং পরবর্তীতে আপলোড হওয়া ছবির সঙ্গে তুলনা করে দেখে। চিহ্নিত ছবি ক্রপ অথবা অন্য কোনো উপায়ে বিকৃত করা হলেও তা ফটোডিএনএ-তে ধরা পরে বলে জানিয়েছে বিবিসি।