২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট’ বানাচ্ছে ফেইসবুক

ফেইসবুকে মেসেঞ্জারে ‘পেমেন্ট ফিচার’ যোগ করার পর এবার নাকি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট নির্মাণ করছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি। বলা হচ্ছে, ফেইসবুকের ওই ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সরাসরি মেসেঞ্জার অ্যাপ থেকেই বিভিন্ন পণ্য কিনতে পারবেন ব্যবহারকারী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 04:28 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মেসেঞ্জার থেকেই বিক্রেতাদের খুঁজে বের করে পছন্দের পণ্য কিনতে পারবেন ব্যবহারকারী। আভ্যন্তরীণভাবে এই সেবাকে ‘মানিপেনি’ নামে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে ম্যাশএবল।

সাইটটির প্রতিবেদনে অনুযায়ী, ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি এবং কর্টানার থেকে কাজের ধরন আলাদা হবে ‘মানিপেনির’। কিছু ফিচারে মিল থাকলেও সবকিছু স্বয়ংক্রিয় হবে না মানিপেনির।

বর্তমানে ফেইসবুক মেসেঞ্জারের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ৭০ কোটি। গেল বছরের শরতে মেসেঞ্জার সেবাটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০ কোটি। ফেইসবুকের মূল সেবার ব্যবহারকারীর সংখ্যা দেড়শ কোটি হওয়ায়, মেসেঞ্জার ব্যবহারকারীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ম্যাশএবল।

তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এক ফেইসবুক মুখপাত্র।