ভাইরাল ফটোর বদৌলতে শিক্ষাবৃত্তি
ফিলিপাইনের কেবুতে অবস্থিত ম্যাকডোনাল্ডসের জানালা থেকে আসা আলোর উপর ভরসা করে রাস্তার উপর ছোট ডেস্কে বই পড়তে ব্যস্ত ৯ বছরের এক শিশুর ছবি তুলে শেয়ার করেছিলেন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী জয়েস গিলোস। অনলাইনে ভাইরাল হয়ে ছড়িয়ে পরে ওই ছবি। শেষ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবার জন্য প্রয়োজনীয় তহবিল তো বটেই, স্নাতক পর্যন্ত পড়ার জন্য বৃত্তির উৎসও মিলেছে ৯ বছরের ড্যানিয়েল ক্যাবরেরার।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৯ বছরের ড্যানিয়েলের ছবি শেয়ার করার সময় গিলোস ছবির বর্ণনায় লিখেছিলেন, “আমি একটা শিশুর কাছ থেকে অণুপ্রেরণা পেয়েছি।” শুধু গিলোসই নন, অণুপ্রাণিত হয়েছিলেন আরও অনেকেই।
ছবির সূত্র ধরে ড্যানিয়েলকে খুঁজে বরে করে এবিএস-সিবিএন নিউজ। বাবা নেই ড্যানিয়েলের। মা এসপিনোসা এবং ভাই-বোনদের কর্মস্থল ছিল কেবুর ওই ম্যাকডোনাল্ডসের কাছেই। এসপিনোসার দৈনিক আয় ১.৭৭ ডলার।
আগুণে পুড়ে যাওয়ার পর থেকে ঘরছাড়া ক্যাবরেরা পরিবার। ঘর না থাকলেও নিজের স্বপ্ন হাত ছাড়া করতে রাজি নয় ড্যানিয়েল। বড় হয়ে পুলিশ অফিসার হয়ে ফিলিপাইনকে সাহায্য করতে চায় ৯ বছরের ওই শিশু, পূরণ করতে চায় মৃত বাবার ইচ্ছা।
তাই প্রতি রাতেই ম্যাকডোনাল্ডসের বাইরে ছোট টেবিল পেতে বসে যেত সে। জানালা দিয়ে আসা আলোই ছিল বই পড়ার একমাত্র ভরসা।
গিলোসের তোলা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পরার পর এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রচারণার ফলে বিভিন্ন সূত্র থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে ড্যানিয়েল। আর্থিক সাহায্য ছাড়াও স্কুলে যাওয়া-আসার জন্য প্রয়োজনীয় আনুসাঙ্গিক, রিডিং ল্যাম্প এমনকি স্কুলের ইউনিফর্মও পেয়েছে সে। শুধু তাই নয় স্যামুয়েল পাগদিলাও নামের স্থানীয় এক রাজনীতিবিদের বদৌলতে স্নাতক পর্যন্ত পড়ালেখার জন্য বৃত্তির প্রস্তাব মিলেছে।
নিজস্ব ব্যবসা চালু করার জন্য আলাদা আর্থিক সহযোগিতা পেয়েছেন ড্যানিয়েলের মা এসপিনোসাও।
