কিশোর বলে লঘু দণ্ড হ্যাকারের
ইতিহাসের সবচেয়ে বড় সাইবার আক্রমণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্রিটশি কিশোরকে ২৪০ ঘন্টার কমিউনিটি সেবার শাস্তি দিয়েছে দেশটির আদালত। ২০১৩ সালে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগের গতি মন্থর করে দিয়েছিল ‘অ্যান্টি-জাঙ্ক মেইল গ্রুপ’ স্প্যামহসের উপর ওই সাইবার আক্রমণের ঘটনা।
বিবিসি জানিয়েছে, ২০১৩ সালে ওই সাইবার আক্রমণে অংশ নেওয়ার সময় কিশোর বয়সী ছিলেন সেথ নোলান ম্যাকডোনাহ। তবে মামলার রায় হওয়ার আগেই পার হয়ে গেছে তার ১৮ তম জন্মদিন।
২০১৩ সালের ১৫ মার্চ সাইবার আক্রমণের শিকার হয়েছল স্প্যামহস। ওয়েবে জাঙ্ক মেইলের উৎস চিহ্নিত করে স্প্যামহস। নেটওয়ার্ক ব্যবস্থাপক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে প্রতিষ্ঠানটি।
স্প্যামহসের উপর ডিডিওএস আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালতে উত্থাপিত পাঁচটি অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন ম্যাকডোনাহ।
স্প্যামহসের উপর সাইবার আক্রমণের ঘটনায় এক পর্যায়ে প্রতি সেকেন্ডে ডেটা আদান প্রদানের পরিমাণ ৩শ’ গিগাবাইট ছাড়িয়ে গিয়েছিল।
অনলাইনে ‘নারকো’ ছদ্মনামে পরিচিত ছিলেন ম্যাকডোনাহ। অর্থের বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইট বিকল করে দেওয়ার কাজ করতেন তিনি।
২০১৩ সালের এপ্রিল মাসে ম্যাকডোনাহকে গ্রেপ্তারের পর তার ব্যাংক অ্যাকাউন্টে ৭২ হাজার পাউন্ড আবিষ্কার করেছিল যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
