টুইটারেও মোদী ঝড়
নিজের প্রথম বাংলাদেশ সফর নিয়ে ‘টুইট ঝড়’ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটার ব্যবহার করার দিক থেকে সারা বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম।
ঢাকা পৌঁছানোর আগে থেকেই এ সফর নিয়ে টুইট করা শুরু করেন মোদী।
@narendramodi আর @PMOIndia -- নরেন্দ্র মোদীর এ দুটি টুইটার আইডিতে মোট ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৯১ লাখ ৭০ হাজার। আর তার করা টুইট দিনে হাজারোবার রিটুইট করা হচ্ছে।
শনিবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লী ছাড়ার সময় মোদি টুইট করেন, “বাংলাদেশের জন্য রওনা দিচ্ছি। এই সফর দুই দেশের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে, আমাদের দুই দেশের নাগরিক ও এই অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে।”
এরপর তিনি বাংলায় আবার টুইট করেন। অন্য ভাষায় টুইট করতে তিনি বরাবরই সিদ্ধহস্ত, বিশেষ করে বিদেশ সফরের সময়।
ঢাকা পৌঁছানোর পর তিনি বাংলায় লেখেন, “বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে আসছি।”
সেই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা ও ইংরেজীতে টুইটারে ধন্যবাদ ও উষ্ণ অভ্যর্থনা জানান। টুইটে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।
এরপর দিনের প্রতিটি ইভেন্ট শেষে চলতে থাকে মোদীর টুইট করা।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর ভারতের প্রধানমন্ত্রী লিখেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা।
শেখ হাসিনার হাতে উপহার তুলে দেওয়ার পর তিনি টুইট করেন, “ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অন্ধ্র প্রদেশের ভেটাঙ্কাগিরিতে জামদানির আদলে হাতে বোনা শিল্প।”
এ সফরের মূল আলোচ্য বিষয় ছিল স্থলসীমান্ত চুক্তি। এ চুক্তি বিষয়ক দলিল বিনিময়ের পর মোদী টুইট করেন, “নতুন ইতিহাস তৈরি হল আজ। বছরের পর বছর ধরে বিদ্যমান সীমান্ত প্রশ্নের সমাধান করেছি আমরা। আমরা আমাদের সীমান্ত আরও নিরাপদ এবং নাগরিকদের জীবন স্থিতিশীল করেছি।”
বাংলাদেশ সফরে স্বাক্ষর করা চুক্তি সম্পর্কে তিনি লেখেন, “২২টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে আজ যা ভারত-বাংলাদেশ বন্ধনে নতুন মাত্রা যোগ করবে।”
প্রতিটি টুইটের সঙ্গে তিনি ইভেন্টের একটি করে ছবিও আপলোড করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের পর তিনি শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তোলা ছবি আপলোড করেন।
শেখ হাসিনা, মমতা বন্দোপাধ্যায় ও নরেন্দ্র মোদী ঢাকার সঙ্গে ভারতের উত্তরের চারটি রাজ্যের রাজধানীর সঙ্গে সংযুক্ত নতুন দুটি বাস সেবা উদ্ভোধন করেন। এ বিষয়ে মোদী টুইট করেন, হাস্যোজ্জ্বল সবাই। প্রধানমন্ত্রী হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আর আমি সাক্ষাৎ করেছি যাত্রীদের সঙ্গে।’
নরেন্দ্র মোদীর সর্বশেষ সর্বশেষ টুইট ছিল “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, যিনি ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নততর করতে অনবদ্য ভূমিকা রেখেছেন।”
