রোবট ‘হারকিউলিস’
‘ছোট মরিচের ঝাল বেশি’- বাংলার এ প্রবাদটি এবার যেন রোবোটিকস জগতেও সত্যি হল। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এমন কয়েকটি ছোট রোবট তৈরি করতে সক্ষম হয়েছেন যেগুলো নিজের চেয়ে ২ হাজার গুণ বেশি ওজনের বস্তু টানতে সক্ষম।
বিবিসি জানিয়েছে, সরাসরি তুলনা করলে বলতে হবে একজন সাধারণ মানুষের একটি তিমিকে টেনে নেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি আর মাইক্রোটাগ নামের রোবটগুলোর শক্তি সমতুল্য।
নির্মাতারা প্রকৃতি থেকে উৎসাহিত হয়ে এই রোবটগুলো বানিয়েছেন বলে জানিয়েছে বিবিসি, অবলম্বন করেছেন একটি পিঁপড়ার নিজের চেয়ে বেশি ওজনের বেশি খাদ্য বয়ে নেওয়ার কৌশল।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের বানানো ওই রোবটগুলোর একটির ওজন নয় গ্রাম আর এটি এক কেজি ওজনের বস্তু সামনে টেনে নিতে সক্ষম। আর ২০ মিলিগ্রাম ওজনের দ্বিতীয়টি রোবট পাঁচশ মিলিগ্রাম ওজন বয়ে নিতে পারে।
এটি এতই ছোট যে এটি বানাতে মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়েছিল বিজ্ঞানীদের। আর রোবটগুলোর এই শক্তির মূলে রয়েছে এদের আঠালো পা।
চলতি বছর মে মাসে শুরু হতে যাওয়া রবোটিকসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিকস অ্যান্ড অটোমেশনে মাইক্রোটাগস প্রদর্শন করা হবে বলে জানিয়েছে বিবিসি।
