গুগলের নতুন ক্রোমবিট আর ক্রোমবুক
ক্রোম অপারেটিং সিস্টেমচালিত নতুন ‘কম্পিউটার’ আনার ঘোষণা দিল ওয়েব জায়ান্ট গুগল। ‘ক্রোমবিট’ নামের মেমোরি স্টিকের মতো দেখতে নতুন এই ডিভাইসটি কোনো মনিটর বা টিভির এইচডিএমআই পোর্টে যুক্ত করলে তা কম্পিউটারের মতো কাজ করবে। স্কুল ছাত্র বা হিসাবী ক্রেতাদের জন্য এই ডিভাইস বের করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে সবচেয়ে সস্তা ক্রোমবুকও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, টেক জায়ান্ট মাইক্রোসফটের নতুন ট্যাবলেট বিক্রির পরিকল্পনার কথা জানানোর পর এক দিনের মধ্যেই এমন ঘোষণা দিল গুগল। এ কারণে, মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতেই গুগল নতুন এই পদক্ষেপ নিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
তাইওয়ানভিত্তিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস ক্রোমবিট তৈরি করবে। এর দাম রাখা হবে ১শ’ ডলারের মধ্যে। চলতি বছর শেষ নাগাদ এই ডিভাইসটি বাজারে ছাড়া হবে।
প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ জানিয়েছে, ক্রোমবিটে কি হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে তা নিয়ে কিছু জানায় নি গুগল। তবে, ডিভাইসটিতে ২জিবি র্যাম আর ১৬ জিবি স্টোরেজ রয়েছে, আছে ওয়াই-ফাই আর ব্লুটুথ। এছাড়াও এতে রয়েছে একটি এক্সটার্নাল ইউএসবি ২.০ পোর্ট। এর হার্ডওয়্যার অধিকাংশ ক্রোমবুকের চেয়ে কম ক্ষমতাসম্পন্ন বলে ওই সাইটে বলা হয়েছে।
১১.৬ ইঞ্ছি স্ক্রিনের নতুন ক্রোমবুকটি এক চার্জে টানা সাড়ে আট থেকে দশ ঘন্টা চলতে সক্ষম। এর দাম পড়বে ১শ’ ৪৯ মার্কিন ডলার।
