স্মার্টওয়াচ তৈরি করবে ট্যাগ হয়্যার
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টওয়াচ তৈরির ঘোষণা দিয়েছে সুইস ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ট্যাগ হয়্যার। ডিভাইসটি তৈরির লক্ষ্যে ওয়েব জায়ান্ট গুগল ও মাইক্রোচিপ জায়ান্ট ইনটেলের সঙ্গে জোট বাঁধবে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সুইজারল্যান্ডের বাসেলওয়ার্ল্ড ট্রেড শো’তে এই ঘোষণা দেয় ট্যাগ হয়্যার।
‘বিলাসবহুল’ পণ্য নির্মাতা এলভিএমএইচ গ্রুপের সদস্য ট্যাগ হয়্যার। নতুন জোট সম্পর্কে এলভিএমএইচের ঘড়ি বিভাগের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ বিভার বলেন, “বর্তমানে দুটি অপারেটিং সিস্টেম আছে, একটি অ্যাপলের আইওএস, অন্যটি অ্যান্ড্রয়েড। এমন অবস্থায় নতুন আরেকটি অপারেটিং সিস্টেম উদ্ভাবন করার কোনো মানে হয় না।”
স্মার্টওয়াচ নির্মাণের জন্য ট্যাগ হয়্যার অ্যাপলের সঙ্গেও জোট বাঁধতে পারতো। কিন্তু অ্যাপল নিজেই স্মার্টওয়াচ নির্মাণ করছে, অন্যদিকে গুগল তা করছে না। তাই গুগলকেই উপযুক্ত মনে হয়েছে ট্যাগ হয়্যারের কাছে।
তবে নিজেদের স্মার্টওয়াচ দেখতে কেমনে হবে সে ব্যাপারে এখনও কোনো ডিজাইন বা ছবি উন্মোচন করেনি সুইস এ প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে বিভার জানিয়েছেন, তাদের তৈরি স্মার্টওয়াচের বাহ্যিক রূপ প্রচলিত ঘড়িগুলোর মতোই হবে।
