দুই ম্যাকবুকে নতুন ফিচার
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত ৯ মার্চের সংবাদ সম্মেলনে শুধু অ্যাপল ওয়াচ আর নতুন ম্যাকবুক দেখিয়েই ক্ষান্ত হয়নি অ্যাপল। উন্মোচন করা হয়েছে ম্যাকবুক প্রো আর ম্যাকবুক এয়ারের ‘আপগ্রেডেড ভার্সন’।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, ১৩ ইঞ্চি রেটিনা ডিসপ্লের ম্যাকবুক প্রো-র নতুন সংস্করণে যোগ হয়েছে ‘ফোর্স টাচ ট্র্যাকপ্যাড’। অ্যাপলের আগের ল্যাপটপগুলোর টাচপ্যাডের তুলনায় আরও বেশি স্পর্শকাতর হবে নতুন টাচপ্যাডটি। এছাড়াও থাকছে নতুন ফ্ল্যাশড্রাইভ, যা আগের তুলনায় দ্বিগুণ গতিসম্পন্ন। ব্যাটারি লাইফ হবে ১০ ঘন্টা।
ম্যাকবুক এয়ারের ১১ ও ১৩ ইঞ্চির দুই মডেলে আছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬০০০ এবং থান্ডারবোল্ট ২ পোর্ট। ওএসএক্স ইয়োসিমিটি অপারেটিং সিস্টেমে চলবে নতুন ম্যাকবুকগুলো।
অ্যাপলের অনলাইন স্টোরগুলোতে সোমবার থেকেই পাওয়া যাচ্ছে নতুন ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার। ১২৮ গিগাবাইট মেমোরির ম্যাকবুক প্রো-র দাম ১২৯৯ ডলার আর ৫১২ গিগাবাইট মেমোরির দাম ১৭৯৯ ডলার।
১১ ইঞ্চি ডিসপ্লে আর ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ ড্রাইভের ম্যাকবুক এয়ারের দাম ৮৯৯ ডলার, আর ২৫৬ গিগাবাইটের ডিভাইসটির দাম ১০৯৯ ডলার। ১৩ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক এয়ারের দাম ৯৯৯ ডলার থেকে ১১৯৯ ডলারের মধ্যে হবে।
