স্ন্যাপচ্যাট-সৌদি রাজপুত্রের বৈঠক
সৌদি রাজপুত্র আলওয়ালেদ বিন তালালের সঙ্গে বৈঠক করেছেন স্ন্যাপচ্যাট সিইও ইভান স্পিগেল ও সিএসও ইমরান খান। ওই বৈঠকে স্ন্যাপচ্যাটের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌদি রাজপুত্রের আলোচনার বিষয়বস্তু ছিল জনপ্রিয় ওই মোবাইল মেসেজিং প্লাটফর্মে সৌদি রাজপুত্রের সম্ভাব্য বিনিয়োগ।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্ন্যাপচ্যাটে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা খবর প্রকাশ করা হয়েছে সৌদি রাজপুত্রের নিজস্ব বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘কিংডম হোল্ডিং’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
প্রযুক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠানে এর আগেও বিনিয়োগ করেছেন সৌদি রাজপুত্র। এই তালিকায় আছে মাইক্রোব্লগিং সাইট টুইটার ও চায়নিজ ই-কমার্স সাইট জেডি ডটকম ইনকর্পোরেটেড।
১০ কোটি নিয়মিত ব্যবহারকারী আছে স্ন্যাপচ্যাটের। আপাতত ৫০ কোটি ডলারের বিনিয়োগ সংগ্রহের লক্ষ্যে কাজ করছেন প্রতিষ্ঠানটি শীর্ষ ব্যক্তিরা।
