২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিবাবা  মার্কেটপ্লেইসে অ্যামাজন হাজির!

চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার অনলাইন মার্কেটপ্লেইস ‘টিমল’-এ যোগ দিয়েছে মার্কিন প্রতিদ্বন্দ্বী অ্যামাজন।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 07:27 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের ভোক্তাদের জন্য আলিবাবার টিমল অনলাইন মার্কেটপ্লেইসে ডিজিটাল স্টোরফ্রন্ট চালু করে ব্যবসা করে অ্যাপল ও নাইকির মতো একাধিক পশ্চিমা প্রতিষ্ঠান। পণ্য বিক্রি থেকে পাওয়া লভ্যাংশের একটা অংশ পায়  আলিবাবা।

ই-কমার্সের জন্য বিশ্ববাজারে অ্যামাজনের জন্য সবচয়ে বড় হুমকির নাম এখন আলিবাবা। আর সেই আলিবাবার মার্কেটপ্লেইসে অ্যামাজনের উপস্থিতি খানিকটা হলেও ‘বেমানান’ বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। চীনে সাফল্যের পর সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বাজারের দিকে নজর দিয়েছে প্রতিষ্ঠানটি। গেল বছরেই মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে আইপিও বিক্রি করে আড়াই হাজার কোটি ডলারের বিনিয়োগ সংগ্রহ করেছে আলিবাবা।

এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রসহ ই-কমার্সের বিশ্ববাজারে একচ্ছত্র আধিপত্য ছিল অ্যামাজনের। আলিবাবা এবার বিশ্ববাজারের দিকে নজর দেওয়ায় ব্যবসায়িক দিক থেকে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পরতে হতে পারে অ্যামাজনকে। বিগত কয়েক বছর ধরে চীনের বাজারে প্রভাব বিস্তাতের চেষ্টা করলেও সফল হতে পারেনি প্রতিষ্ঠানটি।