ফেইসবুকে ভার্চুয়াল রিয়ালিটি!
নিউজফিডে ‘ভার্চুয়াল রিয়ালিটি’ (ভিআর) প্রযুক্তি যুক্ত করার উদ্দেশ্যে কাজ করছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এক সম্মেলনে নতুন এই প্রকল্প নিয়ে জানিয়েছেন ফেইসবুকের পণ্য বিভাগের প্রধান ক্রিস কক্স।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই সম্মেলনে নিউজফিডে ভিআর প্রযুক্তির ব্যবহারের কয়েকটি ডেমো ভার্সনও দেখান কক্স। এর মধ্যে একটিতে ব্যবহারকারী ‘ভার্চুয়ালি’ ঘুরে দেখতে পারবেন এফ/এ- ১৮ ফাইটার প্লেনের ককপিট। আরেকটি ডেমোতে মঙ্গোলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ব্যবহারকারী।
ভিআর প্রযুক্তির অভিজ্ঞতা ফেইসবুকে শেয়ারও করতে পারবেন ব্যবহারকারীরা।
গেল বছর ২শ’ কোটি ডলারের বিনিময়ে ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান ‘অকুলাস ভিআর’ কিনে নিয়েছিল ফেইসবুক। ওই সময়েই অকুলাস নিয়ে ফেইসবুকের বড় পরিকল্পনা আছে বলে জানিয়েছিলেন মার্ক জাকারবার্গ। তবে ফেইসবুকের এই সেবা খুব শীঘ্রই ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে না বলে জানিয়েছেন কক্স।
