এল গ্যালাক্সি জে১
বাংলাদেশের বাজারে নতুন গ্যালাক্সি জে১ স্মার্টফোন নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
এক সংবাদবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জে১ আকারে ১২৯ বাই ৬৮.২ বাই ৮.৯ মিলিমিটার, ওজন ১৩০ গ্রাম। কোণগুলো গোলাকার হওয়ায় স্মার্টফোনটি হাতের মুঠোয় ধরা বেশ সহজ। ১.২ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর আছে এতে। আরও আছে ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধনশীল।
অ্যান্ড্রয়েড ৪.৪ (কিটক্যাট) অপারেটিং সিস্টেমের চলবে স্মার্টফোনটি। ৪.৩ ইঞ্চি ডিসপ্লে আছে এতে। ডিসপ্লেতে পিএলএস প্রযুক্তি ব্যবহারের কারণে ঘরে-বাইরে, সূর্যের আলোতেও ডিসপ্লে পরিস্কার দেখা যাবে বলে জানিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
আরও আছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ১৮৫০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারিটি পরিবর্তন যোগ্য। একসঙ্গে দুটি সিম ব্যবহার করা যাবে এতে। বাজার মূল্য ১১ হাজার ৯’শ টাকা।
