অ্যাপলে যাচ্ছেন বিবিসির ডিজে!
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলে যোগ দিচ্ছেন বিবিসি রেডিও ১-এর জনপ্রিয় ডিজে জেন লোয়ি। ধারণা করা হচ্ছে অ্যাপলের আইটিউনস রেডিও স্ট্রিমিং সেবায় কাজ করবেন তিনি। সংযুক্ত হতে পারেন বিটস মিউজিক সাবস্ক্রিপশন স্ট্রিমিং সার্ভিসেও।
এক যুগেরও বেশি সময় ধরে বিবিসি রেডিও ১-এ মিউজিক শো উপস্থাপনা করে আসছেন লোয়ি। প্রতিশ্রুতিশীল নতুন শিল্পীদের উপর বেশি গুরুত্ব দেওয়ার জন্য সুনাম আছে এই ডিজের।
অ্যাপলের ঠিক কোন বিভাগের সঙ্গে যুক্ত হচ্ছেন সে ব্যাপারে লোয়ি কোনো ঘোষণা দেননি। তবে লোয়ি সম্ভবত আইটিউনস মিউজিক স্ট্রিমিং সার্ভিসে যোগ দেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিলেতি দৈনিক গার্ডিয়ান।
বর্তমানে বিটস মিউজিক সাবস্ক্রিশন স্ট্রিমিং সার্ভিস পুনঃগঠন করছে অ্যাপল। ম্যাক রিউমার্সের প্রতিবেদন অনুযায়ী, বিটসকে আইটিউনসের সঙ্গে একীভূত করে ওএস এক্স এবং আইওএস অপারেটিং সিস্টেমে অন্তর্ভূক্ত করার পরিকল্পনা রয়েছে অ্যাপলের।
বিবিসি রেডিও ১-এর তারকা ডিজে হিসেবে বিবেচনা করা হয় লোয়িকে। রেডিও শো উপস্থাপন করে একাধিক পুরস্কার জিতেছেন তিনি। ব্রিটিশ সংগীত শিল্পী স্যামস স্মিথের সর্বশেষ অ্যালবাম ‘ইন দ্য লোনলি আওয়ার’-এর সংগীত প্রযোজনা ও কম্পোজিশনের জন্য গ্র্যামি নমিনেশনও পেয়েছিলেন তিনি।
