২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে উবুন্টু স্মার্টফোন

অবশেষে বাজারে আসছে উবুন্টু অপারেটিং সিস্টেমচালিত প্রথম স্মার্টফোন অ্যাকুয়ারিয়াস ই৪.৫। ফ্রেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই ইউরোপের বাজারে অভিষেক হবে ফোনটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ট্যাবলেট ও ই-রিডারের মতো প্রযুক্তিপণ্যের পরিবেশক সাইট বিকিউ ডটকম-এর মাধ্যমেই ক্যানোনিকাল তাদের অ্যাকুয়ারিয়াস  ই৪.৫ ফোনটি বাজারজাত করবে।

স্মার্টফোনটির মূল্য ১৬৯.৯০ ইউরো হবে বলে জানিয়েছে ম্যাশএবল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্টজের মিডিয়াটেক প্রসেসর। আছে ১ গিগাবাইট র‍্যাম ও ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।

৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফুল এইচডি ডিসপ্লে (১০৮০পি) থাকবে প্রথম উবুন্টু স্মার্টফোনটিতে। এতে একসঙ্গে দুইটি সিম ব্যবহার করা যাবে।

ক্যানোনিকালের দাবি, উবুন্টু ওএস ব্যবহার করতে একেবারেই বেগ পেতে হবে না ক্রেতাকে। তবে ম্যাশএবল জানিয়েছে, স্বল্প দামের স্মার্টফোনের বাজারে আধিপত্যকারী অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বিপরীতে শক্ত অবস্থান গড়া বেশ কঠিন হবে উবুন্টু স্মার্টফোনের জন্য।