অ্যাপল ওয়াচ দিয়েই গাড়ি নিয়ন্ত্রণ
অ্যাপলের বহুল আলোচিত স্মার্টওয়াচ ‘অ্যাপল ওয়াচ’ ব্যবহার করে মার্কিন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তৈরি বৈদ্যুতিক গাড়ি নিয়ন্ত্রণের ‘কনসেপ্ট অ্যাপ’ বানিয়েছে ইউক্রেইনভিত্তিক অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ‘ইলেকস’।
ম্যাশএবল জানিয়েছে, অ্যাপটির প্রোটোটাইপ সংস্করণ ব্যবহার করে অ্যাপল ওয়াচের টাচস্ক্রিন থেকেই ‘টেসলা মডেল এস’ গাড়ির দরজা খোলা, হর্ণ বাজানোর মতো কিছু ফিচার নিয়ন্ত্রণ করে অ্যাপটির কার্যকারিতার প্রমাণ দিয়েছেন নির্মাতারা।
চলতি বছরের এপ্রিল মাসের আগে বাজারে আসার কোনো সম্ভাবনা নেই অ্যাপল ওয়াচের। তবে স্মার্ট ওয়াচটিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় অ্যাপ তৈরিতে অ্যাপ নির্মাতাদের অ্যাপল ওয়াচকিট সরবরাহ করছে অ্যাপল। এই ‘ওয়াচকিট’ দিয়েই অ্যাপল ওয়াচের জন্য থার্ড পার্টি অ্যাপ নির্মাণ করছেন ডেভেলপাররা। ইলেকসও ব্যবহার করেছে ওই ওয়াচকিট।
অ্যাপটি ব্যবহার করে গাড়িটি চালু ও বন্ধ করা যাবে। সেই সঙ্গে গাড়ির হেডলাইট জ্বালানো, তাপমাত্রা, মাইলেজ আর ব্যাটারি লাইফ সম্পর্কে খবরও রাখা যাবে।
